ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার তার 'ব্যর্থতা' আড়াল করতে বিরোধী দলের ওপর 'দমন-পীড়ন'র মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার রাজধানীতে এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, "সরকার দমননীতির মাধ্যমে ইচ্ছাকৃতভাবে স্থিতিশীলতা বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করছে। দেশ পরিচালনায় নিজেদের ব্যর্থতার দায় আড়াল করতেই তারা এটা করছে।"
এ সময় সরকারের 'এ ধরনের কার্যক্রমের' বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান মোশাররফ হোসেন।
মুক্তাঙ্গনে জাতীয়তাবাদী স্বেচছাসেবক দলের উদ্যোগে সাবেক স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে ওই সমাবেশ হয়।
খন্দকার মোশাররফ অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের এক বছরে মোটা চাল, পেঁয়াজ, রসুন, সোয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মূল্য প্রায় দ্বিগুণ বেড়েছে।
তিনি বলেন, "গত বছর মোটা চালের দাম ছিলো ২৬-২৭ টাকা। বর্তমানে তা বেড়ে ৩৬-৩৮ টাকা হয়েছে। এক বছরে মোটা চালের দাম বেড়েছে ১০টায়। অথচ নির্বাচনের আগে আওয়ামী লীগ জনগণের কাছে অঙ্গীকার করেছিলো ১০ টাকা কেজি চাল খাওয়াবে।
"আওয়ামী লীগের দুই বছর পূর্তিতে দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সর্বক্ষেত্রে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা-ই তাদের সফলতা।"
দেশের বিচার বিভাগকে দলীয়করণের মাধ্যমে সুবিচার প্রাপ্তির পথ রুদ্ধ করা হয়েছে বলে অভিযোগ করেন খন্দকার মোশাররফ।
স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুনীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাাদক শরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এমআই/১৫০০ ঘ.
bdnews24