ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী সপ্তাহে কমপক্ষে একদিন বিনা পারিশ্রমিকে রোগী দেখার আহ্বান জানিয়েছেন চিকিৎসকদের প্রতি।
নেতাদের উদ্দেশে তিনি বলেন, দলাদলি করলে নেতা হওয়া যায় না, সবাইকে ঐক্যবন্ধ থাকতে হবে। গ্রামেগঞ্জে যেন বিনা চিকিৎসায় কেউ মারা না যায় সে ব্যাপারে উদ্যেগ নিতে হবে।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিয়াম মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাজেদা চৌধুরী বলেন, "বঙ্গবন্ধু শেখ মুজিবের মূল্যেবোধ ছাড়া যারা অন্য কিছু চিন্তা করে তাদের এ দেশে থাকতে দেওয়া যায় না, তাদের অন্য কোথাও চলে যাওয়া উচিৎ।
"কারণ, যারা বঙ্গবন্ধুর মূল্যেবোধে বিশ্বাসী নয় তারা চিন্তা করে অন্যকিছু নিয়ে। কিন্তু বঙ্গবন্ধুর মূল্যেবোধে বিশ্বাসীরা চিন্তা করে দেশ নিয়ে।"
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, "স্বাস্থ্যনীতি চূড়ান্ত করা হয়েছে, আগামী জানুয়ারিতে তা সংসদে উপস্থাপন করা হবে।"
রুহুল হক বলেন, "সব হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে আঙ্গুলের ছাপের মাধ্যমে হাজিরা পদ্ধতি প্রবর্তন করা হচ্ছে। যারা হাসপাতালে নিয়মিত উপস্থিত থাকবেন না তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।"
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী স্বাচিপের সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন ততদিন কোনো সমস্যা হবে না। জোয়ার দেখে যেন ভাটার কথা ভুলে যাবেন না।"
সবাইকে ঐক্যবন্ধ হওয়ার আহ্বান জানিয়ে মোদাচ্ছের আলী বলেন, "অনেক সময় বলা হচ্ছে মন্ত্রীদের সঙ্গে উপদেষ্টার মতৈক্য হচ্ছে না। সমস্যা থাকতেই পারে, তবে ভুলভ্রান্তি হলে তার আলোচনা হতে হবে পর্দার আড়ালে।"
বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবর রহমান ফকির বলেন, "যেসব চিকিৎসক সুবিধা লাভের আশায় রাজনীতি করে তাদের চিহ্নিত করতে হবে।"
শুধু স্বাধীনতার চেতনা থাকলেই স্বাচিপ করা উচিৎ বলে মন্তব্য করেন তিনি।
চিকিৎসকদের নিরপেক্ষ না হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, "চিকিৎসকদের অবশ্যই ড্যাপ অথবা স্বাচিপ করতে হবে, নিরপেক্ষ হওয়া চলবে না।"
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. বদিউজ্জামান ভূইয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/২৩২৪ ঘ.
bdnews24