ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলায় নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রত্যাহারে সরকারের আনা সংশোধিত বিলের পক্ষে নয় স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
মঙ্গলবার কমিটির বৈঠকে উপজেলা পরিষদ (সংশোধন) বিল- ২০১০ এর বিষয়ে সুপারিশ করা থেকে বিরত থেকে এ বিষয়ে আরো আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।
ক্ষমতাসীন জোট সরকারের সংসদ সদস্যদের মধ্যে রহমত আলী ছাড়াও ওয়ার্কার্স পার্টির সাংসদ রাশেদ খান মেনন এই বিলের বিরোধিতা করেছেন।
স্থায়ী কমিটির বৈঠকে বলা হয়, উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও নারী সদস্যদের খুব সহজেই ফৌজদারি ও দেওয়ানি কার্য প্রণালীর মাধ্যমে প্রত্যাহার করা যাবে।
উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অ্যাসোসিয়েশন এই বিলের বিরুদ্ধে আন্দোলন শুরু করারও হুমকি দিয়েছে।
তাদের অভিযোগ, বিলটি পাশ হলে নির্বাচিত প্রতিনিধিদের যে কোনো সময় বরখাস্ত করার ক্ষমতা পাবে সরকার। যা স্থানীয় সরকার কাঠামোকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাধ্যগত করে তুলবে।
বৈঠক শেষে স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই বিলে তাদের প্রত্যাহারে [উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের] অহেতুক কিছু অপরাধমূলক কার্যক্রমের তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে।"
তিনি জানান, কমিটি ওইসব ফৌজদারি ও দেওয়ানি প্রক্রিয়ার পরিবর্তন ছাড়া বিলের অনুমোদন দেওয়ার পক্ষে ছিল না।
গত ৬ ডিসেম্বর বিলটি সংসদে উত্থাপন করা হয়।
ওই খসড়া আইনের ১৩ ধারায় বলা হয়েছে, অনৈতিক ও অসদাচরণসহ দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি, ব্যাক্তিগত উদ্দেশ্য হাসিল ও মিথ্যা এফিডেভিটস জমা দেওয়ার দায়ে সরকার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী সদস্যদের প্রত্যাহার করতে পারবে।
রহমত আলী প্রশ্ন তোলেন, "উপজেলা প্রতিনিধিদের প্রত্যাহারে ১৩ ধারায় ফৌজদারি ও দেওয়ানি কার্য প্রণালী অন্তর্ভুক্ত করার মানে কী?"
"ওই বিলে ফৌজদারি ও দেওয়ানি কার্য প্রণালীগুলো উপজেলা প্রতিনিধিদের শাস্তি দেওয়ার জন্যই করা হয়েছে।"
তিনি জানান, যদি কোনো নির্বাচিত প্রতিনিধি জমি দখল করে তবে দেওয়ানি বিধিতে তার বিচার করা যেতে পারে এবং আদালতে অপরাধ প্রমাণ হলে তাকে অবশ্যই দায়িত্ব থেকে অব্যহতি দিতে হবে।
"যদি সরকার চাপ দেয় তবে আমি বিলের একটি শব্দও পরিবর্তন করবো না। এতে যা আছে তার অনুমোদন দিয়ে দেব। কিন্তু যদি আমাদের স্বাধীনতা দেয় তবে আমরা একটি ভাল আইন তৈরি করব," বলেন তিনি।
উপজেলা পরিষদ (সংশোধন) বিল-২০১০ এ আওয়ামী লীগ সরকারের আমলে আগের মেয়াদে করা উপজেলা আইনে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত বিলে ১৯৯৮ সালের আইনে আরো একটি উপ-ধারা যোগ করার কথা বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেবি/পিডি/২২০৯ ঘ.
bdnews24