চট্টগ্রাম, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের হাটহাজারী থেকে গ্রেপ্তার করা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ'র (জেএমবি) সদস্য শামীম হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন হেফাজত দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে তাকে জেলার বিচার বিচাগীয় হাকিম আদালতে হাজির করে ১০ দিন হেফাজত চায় পুলিশ।
শুনানি শেষে বিচারক মাসুদ পারভেজ তিনদিনের হেফাজত মঞ্জুর করেন।
চট্টগ্রাম জেলা আদালতের পরিদর্শক নিখিল চন্দ্র মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
জেএমবির এহসার সদস্য শামীম হাসানকে রোববার সন্ধ্যায় হাটহাজারীর আলীপুর একালাকার একটি মেস থেকে পাঁচটি বোমাসহ, বিপুল সংখ্যক জিহাদি বই ও প্রচারপত্রসহ আটক করা হয়।
ওই সময় একটি বোমা ফাটিয়ে পালিয়ে যায় আরেকজন।
হাটহাজারী থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম হাসান স্বীকার করেছেন তিনি জেএমবি সদস্য।
এছাড়া জেএমবিকে সংগঠিত করার জন্য তারা কাজ করছিলেন বলে শামীম জানিয়েছেন।
তার কাছ থেকে আরো তথ্য পেতে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান ওসি।
পুলিশ জানায়, শামীম নিলফামারীতে ২০০৮ সালে করা একটি মামলার সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। হাটহাজারী এলাকায় তিনি রিকশা চালকের ছদ্মবেশে জেএমবিকে সংগঠিত করছিলেন। সেখানে আরো কয়েকজন প্রশিক্ষিত জঙ্গি অবস্থান করছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমএসবি/১৮৪৪ ঘ.
bdnews24