২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ'

সরকারের দুই বছরের শাসনামলে রাষ্ট্র পরিচালনার সবক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 12:34 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের দুই বছরের শাসনামলে রাষ্ট্র পরিচালনার সবক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। সোমবার চট্টগ্রাম নগরীতে এক সমাবেশে তিনি বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, পেঁয়াজ, চাল, ডাল ও তেলসহ নিত্যপণ্যের উর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে দেশের মানুষ আজ দুর্বিষহ জীবনযাপন করছে।" দেশের মানুষ এ ব্যর্থ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না মন্তব্য করে সরকারের উদ্দেশ্যে নোমান বলেন, "ব্যর্থতার দায় স্বীকার করে, ক্ষমতা ছেড়ে অবিলম্বে মধ্যবর্তী নির্বাচন দিন।" নগরীর মুরাদপুরে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি জাতীয়তাবাদী শ্রমিক দলের ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন নোমান। সমাবেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, "শ্রমিক-কর্মচারীরাই দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি। তাদের বিভিন্ন দাবি আদায়ে আমার সহযোগিতা থাকবে।" অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি শ্রমিক দলের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম সম্পাদক এএম নাজিমুদ্দিন, মহানগর বিএনপি নেতা এম এ সবুর, মহানগর যুবদল সভাপতি আবুল হাসেম বক্কর, ওর্য়াড কাউন্সিলর শামসুজ্জামান হেলালী ও কাউন্সিলর ইসমাইল বালী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/আরএ/১৮৩০ ঘ.