ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার দেশে 'ত্রাসের রাজত্ব' কায়েম করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
সোমবার দুপুরে এক প্রতিবাদ সমাবেশে দলের যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলাসহ [নিয়ন্ত্রণ] সব ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে। তারা বুঝতে পেরেছে, তাদের পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। তাই তারা ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি সরিয়ে নিতে বিরোধী দলের ওপর নির্যাতন চালিয়ে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।"
একই সঙ্গে আবারো মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে জনমত যাচাইয়ের জন্য সরকারের প্রতি আবার জানান তিনি।
গত এক বছরে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা মধ্যবর্তী নির্বাচনের দাবি তুলেছেন।
মুক্তাঙ্গনে জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিণের উদ্যোগে তাদের যুগ্ম আহ্বায়ক ইসহাক সরকারের মুক্তির দাবিতে এই প্রতিবাদ সমাবেশ হয়।
রাজনৈতিক নেতাদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, "এ সরকার পুলিশি হেফাজতে রাজনৈতিক নেতাদের নিয়ে নির্যাতন চালানোর নতুন নজির সৃষ্টি করেছে। সারাদেশকে তারা কারাগারে পরিণত করেছে।"
তিনি কারাবন্দি সব রাজনৈতিক নেতার মুক্তির দাবিও জানান।
দুর্নীতির বিস্তার সম্পর্কে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, "সরকার সর্বত্র দলীয়করণ করেছে। বিশেষ করে প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগে ব্যাপক দলীয়করণ করার কারণে দেশ আজ দুর্নীতিতে ছেয়ে গেছে। ফলে দেশে আইনের শাসন বাধাগ্রস্ত হচ্ছে।"
ছাত্রদল দক্ষিণের আহ্বায়ক হাবিবুর রশীদ হাবিবের সভাপতিত্বে সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সমাজ কল্যাণ সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৭৪২ ঘ.
bdnews24