খুলনা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নানকে পাঁচ দিনের হেফাজতে নেওয়া হয়েছে।
সিআইডির পরিদর্শক খন্দকার মিরাজ বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকায় কাদিয়ানী মসজিদে বোমা হামলার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মুফতি হান্নানকে খুলনা মুখ্য মহানগর হাকিম মো. বারেকুজ্জামানের আদালতে হাজির করে সাত দিনের হেফাজত চাওয়া হয়।
শুনানি শেষে আদালত ৫ দিনের হেফাজত মঞ্জুর করেন। এরপর আদালত থেকে মুফতি হান্নানকে কারাগারে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এর আগে সকাল ১১টার দিকে মুফতি হান্নানকে কঠোর নিরাপত্তার মধ্যে খুলনা জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
পরিদর্শক মিরাজ বিল্লাহ জানান, গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্যে মুফতি হান্নানকে রোববার রাত সাড়ে ৯টার দিকে খুলনা কারাগারে নিয়ে যাওয়া হয়।
১৯৯৯ সালের ৮ অক্টোবর খুলনা নগরীর নিরালা কাদিয়ানী মসজিদে জুমার নামাজের সময় বোমা হামলায় সাতজন নিহত এবং প্রায় অর্ধশত মুসল্লি আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪২০ ঘ.
bdnews24