২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পার্বত্য চুক্তি বাস্তবায়নে প্রয়োজনে নতুন আইন'

পার্বত্য শান্তিচুক্তি দ্রুত বাস্তবায়নের জন্য সরকার সবকিছু করবে জানিয়ে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, প্রয়োজনে নতুন করে আইন প্রণয়ন করা হবে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 03:12 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

খাগড়াছড়ি, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তিচুক্তি দ্রুত বাস্তবায়নের জন্য সরকার সবকিছু করবে জানিয়ে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, প্রয়োজনে নতুন করে আইন প্রণয়ন করা হবে। পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি সৈয়দা সাজেদা রোববার সাংবাদিকদের এ কথা বলেন। বিকাল সোয়া ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত খাগড়াছড়ি সার্কিট হাউসে কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে তিনি প্রেস ব্রিফিংায়ে তিনি বলেন, "এতদিন চুক্তি বাস্তবায়ন নিয়ে অনেক আলোচনা ও কুহেলিকা হয়েছে। আমরা সেদিকে যাব না। শান্তিচুক্তি বাস্তবায়নের যা বাকি আছে তা আমরা দ্রুত বাস্তবায়ন করব। আগামী সংসদ অধিবেশনে শান্তিচুক্তি বাস্তবায়নের বিষয়টি উত্থাপন করা হবে।" ভূমি কমিশন আইন ২০০১ সংশোধনীর যেসব ধারায় বিরোধাত্মক বিষয় রয়েছে সেসব বিষয়ে তিনি আইন মন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান। আওয়ামী লীগ নীতিগতভাবে পার্বত্য চট্টগ্রামে শান্তি চায়। তাই আর কালক্ষেপণ হবে না বলে তিনি দাবি করেন। সাজেদা চৌধুরী আরো বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সঙ্গে চুক্তি করেছে। এ চুক্তি বাস্তবায়ন হলে পাহাড়ে আর কোনো আন্দোলনই থাকবে না। বর্তমানে শান্তিচুক্তি আইনটি সংশোধনের শেষ পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। এ সময় জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেন, পার্বত্য ভূমি কমিশন আইন ২০০১-এর সঙ্গে পার্বত্য শান্তিচুক্তির কিছু কিছু ধারায় অসংগতি রয়েছে। তা সংশোধন না হওয়া পর্যন্ত ভূমি কমিশনের কার্যক্রম স্থগিত থাকবে। সভায় আরো উপস্থিত ছিলেন- কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, অপর সদস্য ভারত প্রত্যাগত শরণার্থী প্রত্যাবাসন, পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা প্রশাসক আনিস-উল-হক ভূইয়া, পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক প্রমুখ। গত বছর মহাজোট সরকার ক্ষমতায় আসার পর চুক্তি বাস্তবায়ন কমিটি পুনর্গঠন করা হয়। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের সময় শান্তি চুক্তি হয়। এর মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের সশস্ত্র সংগঠন শান্তিবাহিনীর সঙ্গে প্রায় দুই দশকের সংঘাতের অবসান ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৭ ঘ.