চট্টগ্রাম, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে ফটিকছড়ি থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
রোববার দুপুরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ ইব্রাহীম এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম এবং কোর্ট পরিদর্শক নিখিল চন্দ্র মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
ফটিকছড়ির সংসদ সদস্য সাকা চৌধুরীকে গত ১৬ ডিসেম্বর রমনা থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়।
আইনজীবী আবুল হাশেম জানান, বিচারক আগামী ১৯ জানুয়ারি সালাউদ্দিন কাদেরকে আদালতে হাজির করার নির্দেশও দেন।
গত ২১ ডিসেম্বর ফটিকছড়ি থানার ওসি মো. মফিজ উদ্দিন ওই থানায় রাষ্ট্রদ্রোহ মামলাটি করেন।
গতবছরের ২০ নভেম্বর ফটিকছড়ি উপজেলা বিএনপি'র সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার ঘটনায় এ মামলা করা হয়।
ফটিকছড়ি থানার পুলিশ ইন্সপেক্টর আলতাফ হোসেন মামলাটি তদন্ত করছেন। তিনি এ মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর জন্য গত শুক্রবার আদালতে আবেদন জানান।
মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ২০ নভেম্বর সাংসদ সাকা চৌধুরী তার নির্বাচনী এলাকা ফটিকছড়িতে উপজেলা বিএনপি'র সম্মেলনে বক্তব্যে বলেন, "১৫ আগস্ট জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ, এদিন জাতি একদলীয় শাসন থেকে মুক্তি পেয়েছে। ১৫ আগস্ট না হলে জাতি ভোটের অধিকার ফিরে পেত না।"
একই সভায় সালাউদ্দিন কাদের চৌধুরী বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের রায় নিয়ে বলেন, 'এ রায় জাতি গ্রহণ করেনি। তবে এ হত্যাকাণ্ড থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।'
মামলার বাদি মফিজউদ্দিন বলেন, "এসব বক্তব্যের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন।"
গত ২৮ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমতি দেয়।
এর আগে ফটিকছড়ি এলাকার বাসিন্দা ও আওয়ামী লীগ কর্মী গত বছরের ৩ ডিসেম্বর সাকা চৌধুরীর বিরুদ্ধে একই অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বছর ৭ অক্টোবর মামলাটি রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে অনুমোদন দেয়।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যকে যুদ্ধাপরাধের মামলায় ইতোমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/কেএমএস/১৭৫৪ ঘ.
bdnews24