ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর মাধবদী, দিনাজপুরের পার্বতীপুর, শরীয়তপুরের জাজিরা ও ফেনীর দাগনভুঞা পৌরসভার নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৭ জানুয়ারি এই চারটি এলাকায় নির্বাচন হবে।
ইসি'র জ্যেষ্ঠ সহকারি সচিব (পৌর) মো. আবদুল বাতেন বৃহস্পতিবার তার কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, "২৭ জানুয়ারি ১৪টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সুযোগ পাবে। ১ ও ২ জানুয়ারি যাচাই-বাছাই শেষে প্রত্যাহারের শেষ সময় ১০ জানুয়ারি।
নির্বাচন স্থগিতাদেশের ওপর আদালতের স্থগিতাদেশ হওয়ায় এসব এলাকায় নির্বাচনের নতুন সময়সূচি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগে মাদারীপুর, চাঁদপুর, নেত্রকোনার মদন, মাগুরা, ঝালকাঠি, কক্সবাজার, মহেশখালী, টেকনাফ, চকরিয়া ও ভোলার চরফ্যাশন পৌরসভায় ২৭ জানুয়ারি ভোট গ্রহণের দিন ঠিক করে নতুন তফসিল দেওয়া হয়।
গত ২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার ২৬৯ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুরোধে ও আদালতের নথিপত্র বিবেচনা করে তফসিল থেকে ১১ পৌরসভা বাদ দেওয়া হয়। নির্বাচনের জন্য সঙ্গে যুক্ত হয় নতুন করে চার পৌরসভা।
আগামী ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে চার দিনে দেশের ২৬২ পৌরসভা নির্বাচন হওয়ার কথা। আদালতের স্থগিত থাকায় সর্বশেষ এ পৌরসভার সংখ্যা দাঁড়ায় বর্তমানে ২৫৯টি।
বর্তমানে নির্বাচন স্থগিত ৩ পৌরসভায়
কুষ্টিয়া, নড়াইলের লোহাগড়া ও ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নির্বাচন আদালতের আদেশে স্থগিত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/১৮২৯ ঘ.
bdnews24