ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের ওপর নির্যাতন চালিয়ে সরকার নিজের ব্যর্থতা আড়াল করার অপচেষ্টায় লিপ্ত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি ও সাংবাদিক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে তিনি এই অভিযোগ করেন। সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মির্জা ফখরুল বলেন, "দ্রব্যমূল্য পরিস্থিতি, আইনশৃঙ্খলাসহ বিভিন্ন সমস্যা সমাধানে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাই নিজের এই ব্যর্থতা আড়াল করতে সরকার বিরোধী দলের ওপর দমন ও নির্যাতনের পথ বেছে নিয়েছে। এভাবে নির্যাতন চালিয়ে জনগনকে দাবিয়ে রাখা যাবে না।"
বিজয়ের মাসে সরকারের এ ধরনের নির্যাতনের বিরুদ্ধে সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "সরকার গণতান্ত্রিক লেবাসে দেশে এক দলীয় শাসন চালাচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকারকে তারা শৃঙ্খল বন্দি করে রেখেছে। মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, সাংবাদিকদের ওপর নির্যাতন চালাচ্ছে।"
ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রহুল আমিন গাজী, মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাকের হোসাইন, সাংসদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবদিন, কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ শতাধিক পেশাজীবী অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৬২৪ ঘ.
bdnews24