ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের শুরু থেকেই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সামরিক বাহিনী চাওয়ার বিষয়টি আসতো না বলে মনে করে নির্বাচন কমিশন।
বুধবার নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে উপ-নির্বাচনের তফশিল ঘোষণার সময় সাংবাদিকদের প্রশ্নের সময় প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা একথা বলেন।
সাংবাদিকরা সিইসি'র কাছে জানতে চান- হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ উপ নির্বাচনে ভোলা'র পুনরাবৃত্তি ঘটবে কি না?
এ বিষয়ে এটিএম শামসুল হুদা বলেন, "সব নির্বাচন এক মানের হয় না। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব এককভাবে আমাদেরই নয়। সবার সহযোগিতা, সহমর্মিতা লাগে। যেখানে সবার সহযোগিতার ঘাটতি থাকে, সেখানেই সমস্যা।"
তিনি বলেন, "নানা রকম অসাংবিধানিক ও বেআইনি পন্থায় জনগণের ইচ্ছাকে বিকৃত করার চেষ্টা হয়। সেখানেই সমস্যা হয়।"
বর্তমান নির্বাচন কমিশন বেআইনি কাজকে প্রতিহত করতেই কাজ করে বলে জানান এটিএম শামসুল হুদা।
"এরকমভাবে যদি হতে থাকে, মাঝখানে মাঝখানে মার্শাল ল' যদি এসে হাজির হয়ে যায়। আর তিন বছর, পাঁচ বছর, সাত বছর গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে না। এতে গণতান্ত্রিক অভিযাত্রা ব্যাহত হয়।"
"যদি বাংলাদেশ হওয়ার পর থেকে আমরা কন্টিনিউয়াসলি গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে পারতাম। আজকে হয়তো সামরিক বাহিনী দেওয়ার প্রশ্ন বোধ হয় আসতো না," বলেন প্রধান নির্বাচন কমিশনার।
গত ২৪ এপ্রিল ভোলা-৩ উপ-নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি'র দাবির পরও আইনি সীমাবদ্ধতা থাকায় সেনা মোতায়েন করেনি কমিশন।
মঙ্গলবার বিএনপি'র মহাসচিব খোন্দকার দেলোয়ার আসন্ন পৌর নির্বাচনে কারচুপির শঙ্কা প্রকাশ করেন।
এ বিষয়ে সিইসি বলেন, "তারা কোনো সুনির্দিষ্ট অভিযোগ করতে পারেনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮২৯ ঘ.
bdnews24