২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বোমা: সাবেক উপমন্ত্রী পিন্টুর হাজিরা

চারদলীয় জোট সরকারের সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা মামলার শুনানি শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 02:04 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চারদলীয় জোট সরকারের সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা মামলার শুনানি শেষে কারাগারে পাঠানো হয়েছে। একই মামলায় নারায়ণগঞ্জ শহর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা শাহাদাৎ উল্লাহ জুয়েলকেও আদালতে হাজির করা হয়। রোববার দুপুরে নারায়ণগঞ্জ বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলার শুনানি হয়। এরপর হাকিম আমিনুল ইসলাম আগামী ২৩ জানুয়ারি শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলায় শাহাদাৎ উল্লাহ জুয়েল ও আব্দুস সালাম পিন্টু ছাড়াও হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান, ঢাকার ৫৩ নম্বর ওয়ার্ড কমিশনার ও ঢাকা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়। অপর দুই আসামির অন্য জেলায় বিভিন্ন মামলায় বিচারিক কার্যক্রম থাকায় রোববার তাদের আদালতে হাজির করা সম্ভব হয়নি বলে আদালত পুলিশ জানায়। ২০০১ সালের ১৬ জুন নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলায় ২০ জন নিহত হয়। আহত হয় আওয়ামী লীগ নেতা শামীম ওসমানসহ শতাধিক নেতাকর্মী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৬ ঘ.