ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগুনে পুড়ে শ্রমিক নেতা নূরুল ইসলাম ও তার ছেলে তমোহর ইসলামের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে 'হত্যাকাণ্ড' অভিহিত করে এর দ্রুত তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে নাগরিক কমিটি।
শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ট্রেড ইউনিয়ন নেতা ও গণতন্ত্রী পার্টির প্রয়াত সভাপতি নূরুল ইসলাম ও তার ছেলের স্মরণ সভায় এ দাবি জানানো হয়।
স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা এবং আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে নূরুল ইসলামকে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে তিনি তাঁর শেষ জবানবন্দিতে দেশবাসীর কাছে তা স্পষ্ট করে গেছেন।"
হত্যাকারীদের বিচার বিষয়ে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক মন্তব্য করে তিনি বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এই মামলার ব্যাপারে উদ্বিগ্ন। এ কারণে মামলাটিকে চাঞ্চল্যকর মামলার মধ্যে অন্তর্ভূক্ত করা হয়েছে।"
নূরুল ইসলাম ও তার ছেলে হত্যার তদন্তকাজ দ্রুততর করতে যার কাছে যা তথ্য আছে তা তদন্তদলের কাছে দেওয়ার জন্য এবং বিচারের দাবিতে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য আহ্বান জানান সুরঞ্জিত সেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নাগরিক কমিটির সাধারণ সম্পাদক এবং কৃষি ব্যাংকের পরিচালনা পরিষদের সভাপতি অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহীম খালেদ 'বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের' বিষয়ে পরষ্পর বিরোধী তদন্ত রিপোর্টের কথা উল্লেখ করেন।
তিনি আরো বলেন, "নির্বাচনের আগে নূরুল ইসলামের বিরুদ্ধে সোনালী ব্যাংকে ঋণখেলাপের অভিযোগ আনা হয়েছিল। অথচ সোনালী ব্যাংকে তার কোনো অ্যাকাউন্টই ছিল না। মৃত্যুশয্যায় নূরুল ইসলাম তাকে আগে থেকে হুমকি-ধামকি দেওয়ার বিষয়ে জবানবন্দি দিয়ে গেছেন।"
বৈদ্যুতিক শর্টসার্কিটসহ এ দু'টি বিষয় তদন্তকাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে 'ক্লু' হিসেবে কাজ করতে পারে বলে মন্তব্য করেন তিনি।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, "মামলাটিকে চাঞ্চল্যকর মামলার অন্তর্ভূক্ত করলেও মামলা পরিচালনার ক্ষেত্রে কোনো চাঞ্চল্য দেখতে পাচ্ছি না।"
নূরুল ইসলাম জীবনে কোনো আন্দোলনে পিছু হটেননি মন্তব্য করে তিনি আরো বলেন, "আমরা কারো পক্ষে বা বিপক্ষে নই। আমরা চাই সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা হোক।"
স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান। স্মরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. জিল্লুর রহমান সিদ্দিকী ও সংসদ সদস্য রাশেদ খান মেনন।
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী মনোনীত হন নূরুল ইসলাম। ওই বছরই ৩ ডিসেম্বর মিরপুরের বাসায় রহস্যজনক অগ্নিকাণ্ডের শিকার হন গণতন্ত্রী পার্টির তৎকালীন সভাপতি নূরুল ইসলাম ও তার ছেলে তমোহর ইসলাম। তমোহর ঘটনাস্থলেই নিহত হন। আর ৪ ডিসেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূরুল ইসলাম।
নূরুল ইসলামের পরিবারের সদস্যরা জানিয়েছে ঘটনার ৪ দিন পর ২০০৮ সালের ৭ ডিসেম্বর ফায়ার সার্ভিসের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল এবং সে কারণে রেফ্রিজারেটরের ক
bdnews24