মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- পৌর নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, মামলার রেকর্ড, আয়ের উৎস, আয়কর রিটার্ন ও ঋণের পরিমাণসহ সাত দফা হলফনামার তথ্য ভোটারদের মাঝে প্রচার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রিটার্নিং কর্মকর্তাদের কাছে এক চিঠিতে এ নির্দেশনা পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ইসির সিনিয়র সহকারী সচিব (পৌর ও পল্লী) আবদুল বাতেন।
শনিবার তিনি জানান, প্রার্থীরা ম্যাজিস্ট্রেট/নোটারি পাবলিকের সামনে হলফনামা করে সত্য তথ্য দেওয়ার ঘোষণা করেন। হলফনামায় কোনো অসত্য তথ্য দিলে বা গোপন করলে বা তথ্যের সমর্থনে যথাযথ প্রমাণাদি দাখিল না করলে এ মনোনয়নপত্র বাতিল হবে।
"হলফনামার তথ্য যথার্থ নয়-এমন প্রমাণ যে কেউ কাউন্টার এফিডেভিটের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে উপস্থাপন করতে পারবেন। তা বিবেচনায় নিয়ে ওই কর্মকর্তা মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্ত নেবেন," বলেন ইসির এই কর্মকর্তা।
দেশের আড়াই শতাধিক পৌরসভার নির্বাচন জানুয়ারি মাসে চার দিনে অনুষ্ঠিত হবে।
এর আগে রোববার শেষ হচ্ছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময়সীমা।
বাংলাদেশে পৌরসভা নির্বাচনের ইতিহাসে এবারই প্রথমবারের মতো প্রার্থীদের হলফনামার তথ্য এনজিও, সুশীল সমাজ, গণমাধ্যম ও ভোটারদের মাঝে (অন্য যে কোনো ব্যক্তি) প্রচারের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এর আগে আদালতের নির্দেশনা মেনে নবম জাতীয় সংসদ এবং উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এসব তথ্য প্রকাশ করা হয়।
ইসি সচিবালয়ের উপসচিব (পৌর) সৈয়দ মো. খুরশিদ আনোয়ার স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, প্রার্থিতা প্রত্যাহারের পরই সম্ভব হলে জাতীয় পত্রিকায়, সম্ভব না হলে স্থানীয় পত্রিকায় প্রকাশের জন্য পত্রিকা অফিসে বা স্থানীয় প্রেসক্লাবে এসব তথ্য পাঠাতে হবে।
হলফনামার মাধ্যমে সংগৃহীত তথ্যাদি লিফলেট আকারে ভোটারদের মাঝে প্রচার করতে হবে। লিফলেট পৌরসভার হাটবাজার বা অন্য কোনো জনাকীর্ণ স্থানে প্রচারের ব্যবস্থা করতে হবে।
এই কর্মকর্তা জানান, পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের সম্পর্কে বিস্তারিত তথ্য ভোট দেওয়ার আগেই জানতে পারবেন ভোটাররা। মাঠ পর্যায়ে রিটার্নিং কর্মকর্তার পাশাপাশি কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন ওয়েবসাইটে িি.িবপং.মড়া.নফ এসব তথ্য প্রকাশ করবে।
প্রার্থীর হলফনামার মূলকপি রিটার্নিং কর্মকর্তা সংরক্ষণ করবেন এবং এ তথ্য ইসি সচিবালয়ে পিডিএফ ফরমেটে ই- মেইল করে পাঠাতে হবে। এছাড়া একটি ফটোকপি কার্যালয়ে টাঙ্গিয়ে দেবেন এবং অন্য একটি কপি যে কেউ চাইলে ফটোকপি করার জন্য সরবরাহ করা হবে।
ইসি সচিবালয়ের উপসচিব (আইন) মো. হেলাল চৌধুরী জানান, কোনো প্রার্থীর হলফনামায় ভুল থাকার পরও কারো মনোনয়নপত্র বৈধ হলে নতুন আইন অনুযায়ী মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা আপিল করতে পারবেন।
সুশাসনের জন্য নাগরিক- সুজনও মেয়র প্রার্থীদের তথ্য নিয়ে ভোটারদের মাঝে প্রচারণা চালাবে বলে জানিয়েছে।
সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার জানান, হলফনামার তথ্য ভোটাদের জানানোর যে উদ্যোগ নির্বাচন কমিশন নিয়েছে তা ভাল। এতে ভোটাররা জেনে, শুনে ও বুঝে ভোট দিতে পারবে। তবে নির্বাচন কমিশন যেন সময়মত এ তথ্যগুলো প্রচার করে।
হলফনামায় সাত তথ্য :পৌরসভায় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বর্তমানে কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত কিনা, অতীতে অভিযুক্ত ছিল কিনা, পেশা, প্রার্থী ও পরিবারের আয়ের উৎস, প্রার্থী ও পরিবারের সম্পদ, স্থাবর সম্পদ, দায় ও ঋণ সংক্রান্ত তথ্যাদি হলফনামা আকারে জমা দিতে হবে।
পৌরসভায় এ পর্যন্ত যত প্রার্থী
ঢাকা বিভাগের ৬৩ পৌরসভায় মেয়র, সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৪ হাজার ১৬৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রংপুর ও রাজশাহী বিভাগের ৭২ পৌরসভায় ৫ হাজার ২১৫ জন, খুলনা ও বরিশাল বিভাগের ৫০টি পৌরসভায় ২ হাজার ৯৬২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৬১ পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
আগামী ১২ জানুয়ারি, ১৩ জানুয়ারি, ১৭ জানুয়ারি ও ১৮ জানুয়ারি দেশের সাত বিভাগের আড়াই শতাধিক পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/ডিডি/২১৪৪ ঘ.
bdnews24