ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতের মহানগর আমির রফিকুল ইসলাম খানকে পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের হেফাজত পেয়েছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় এই হেফাজত মঞ্জুর করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মুন্সী আবদুল মজিদ।
পল্টন থানার পুলিশ এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায়।
গত ২৯ জুন প্রেসক্লাবের সামনে পুলিশের কাজে বাধা দানসহ বিভিন্ন অভিযোগের মামলায় তাকে দুইদিন জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হয়।
রফিকুলের আইনজীবী মো. আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৯ ফেব্র"য়ারি রাজধানীর বিজয়নগরে পুলিশের সঙ্গে দাঙ্গা হাঙ্গামার একটি ঘটনার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে পুলিশ শুক্রবার এ হেফাজত চায়।
তার পক্ষের আইনজীবীরা হেফাজত বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন।
গত ২৯জুন জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের কাজে বাধাদান, ভাংচুরের মামলায় দুই দিনের হেফাজত শেষে শুক্রবার তাকে আদালতে নিয়ে আসা হয়।
গত ৩ ডিসেম্বর সকালে অন্য মামলায় তিনি জামিন পেয়ে কারাগারের বাইরে বেরিয়ে আসার সময় কারগারের প্রবেশ পথে তাকে এ মামলায় গ্রেপ্তার করা হয়।
গত ২৪ নভেম্বর মিরপুরের বাসভবন থেকে তাকে প্রথমে গ্রেফতার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/২১২৭ ঘ.
bdnews24