২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে ছাত্রদল-ছাত্রলীগ মারামারি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে মারামারিতে আট জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2010, 12:00 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে মারামারিতে আট জন আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ওমর ফারুকের অবস্থা গুরুতর। এ ঘটনার প্রতিবাদে ছাত্রদল কুষ্টিয়া-খুলনা মহাসড়ক শেখপাড়া বাজারে অবরোধ করে। পুলিশ জানায়, প্রায় আধঘণ্টা অবরোধে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ইবি থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিজয় দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সকাল সাড়ে ৯টার দিকে 'মুক্তবাংলায়' পুষ্পস্তবক অর্পন করে। সকাল ১০টার দিকে ছাত্রদল ক্যাম্পাসে এলে ছাত্রলীগ তাদের ধাওয়া করে। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাস থেকে চলে যায়। পরে তারা সংগঠিত হয়ে সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসে এলে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে তাদের আবারো ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ছাত্রদল সভাপতি ওমর ফারুক, কর্মী রতন, মিরান, নাজমুল, ফারুক, মুস্তাকিম, রাসেল, জুয়েল ও খায়ের আহত হন। এ ঘটনার পর ছাত্রদল শেখপাড়া বাজারে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ইবি ছাত্রদলের সভাপতি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রলীগ বিনা উস্কানিতে আমাদের উপর হামলা চালিয়েছে।" এ বিষয়ে ইবি ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রদল ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করায় সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করেছে।' বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুল আরেফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে হালকা বাগবিতণ্ডা হয়েছে। বিষয়টি আমি সমাধানের চেষ্টা চালাচ্ছি।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১৭৫৪ ঘ.