গোপালগঞ্জ, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের মুকসুদপুরে বানিয়ারচর গির্জায় বোমা হামলা মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি মাওলানা আব্দুল হান্নান মুন্সি ও তার সহযোগী আরিফ হাসান সুমনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
সাতদিনের রিমান্ড শেষে সিআইডি পুলিশ মঙ্গলবার তাদেরকে গোপালগঞ্জের জৈষ্ঠ্য বিচার বিভাগীয় হাকিম মোস্তফা কামালের আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
২০০১ সালের ৩ জুন বানিয়ারচর ক্যাথলিক গির্জায় বোমা হামলায় প্রার্থণারত ১০ যুবক নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়। এ ব্যাপারে মুকসুদপুর থানায় দু'টি মামলা হয়।
কালেমা দাওয়াতের ১৬ সদস্যকে অব্যাহতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থল থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার কালেমা দাওয়াতের ১৬ সদস্যকে অব্যাহতি দিয়েছে আদালত।
ঢাকার টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাদের গোপালগঞ্জের অতিরিক্ত বিচার বিভাগীয় হাকিম আলমগীর কবিরের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের মামলা থেকে অব্যাহতি দেন।
গত ১৯ নভেম্বর রাতে বঙ্গবন্ধুর সমাধি এলাকায় সন্দেহ জনকভাবে ঘোরাফেরা করার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পরে ১০ দিন জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ঢাকার টিএফআই সেলে পাঠানো হয়। সেখানে জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জঙ্গি সংশ্লিষ্টতার কোন প্রমাণ পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬০০ ঘ.
bdnews24