বগুড়া, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভায় এলাকাবাসীর ডাকা হরতাল প্রত্যাহার করা হয়েছে।
শনিবার রাত ৯টায় দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ সাংবাদিকদের এ কথা জানান।
দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ খুনের প্রতিবাদে রোববার পৌর এলাকায় হরতালসহ চারদিনের কর্মসূচি দিয়েছিল এলাকাবাসী। পরে স্থানীয় বিএনপি এর সঙ্গে একাত্মতা ঘোষণা করে।
এলাকাবাসীর পক্ষে হারুনুর রশীদ দুপচাঁচিয়া থানায় সাংবাদিকদের বলেন, রাতে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (বি সার্কেল) আশরাফুল ইসলাম ঘটনাস্থলে এসে বলেন, আগামী সাতদিনের মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা হবে।
তাই হরতালসহ সব কর্মসূচি প্রত্যাহার করা হল।
শুক্রবার রাতে দুপচাঁচিয়া থানা থেকে মাত্র একশ' গজ দূরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফের শরীরে ধারালো ফলা ঢুকিয়ে মাইক্রেবাসে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাত ৯টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
দুপচাঁচিয়া থানার ওসি মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে আব্দুল লতিফের স্ত্রী নাহিদ সুলতানা বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি মামলা করেছেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫২ ঘ.
bdnews24