ঠাকুরগাঁও, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে আন্দোলনের সবচেয়ে বড় কৌশল হিসেবে।
শনিবার ঠাকুরগাঁওয়ে দলীয় কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, "বিএনপির আন্দোলন থেকে দৃষ্টি অন্য দিকে ফিরিয়ে দেওয়ার জন্যই সরকার পৌর নির্বাচন ঘোষণা করেছে। তাই এই নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে আন্দোলনের সবচেয়ে বড় কৌশল হিসেবে।"
দেশ পরিচালনায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মন্তব্য করে ফখরুল বলেন, "তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। ফলে সাধারণ মানুষের কষ্ট বেড়েই যাচ্ছে।"
প্রতিটি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে সরকারের ব্যর্থতার জবাব দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
ফখরুল আরো বলেন, "নির্বাচনে জয়লাভ করে জনগণের কাছে পৌঁছে বর্তমান সরকারের অগণতান্ত্রিক, দেশ ও জন বিরোধী কার্যকলাপ জনগণের সামনে তুলে ধরা হবে।"
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈয়মুর রহমান, যুগ্ম সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৭১১ ঘ.
bdnews24