২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রাজনৈতিক মন-মানসিকতার পরিবর্তন হতে হবে'

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, দেশের বড় দুই রাজনৈতিক দল পরস্পরের বিরুদ্ধে অশালীন বক্তব্য ছুড়ে দেওয়ার মানসিকতার পরিবর্তন না ঘটালে বর্তমান পরিস্থিতির পরিবর্তন হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2010, 02:42 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, দেশের বড় দুই রাজনৈতিক দল পরস্পরের বিরুদ্ধে অশালীন বক্তব্য ছুড়ে দেওয়ার মানসিকতার পরিবর্তন না ঘটালে বর্তমান পরিস্থিতির পরিবর্তন হবে না। তিনি বলেন, "বিরোধী দল সংসদে এলেই সংসদ কার্যকর হবে না। বড় দুই দলেরই পরস্পরের বিরুদ্ধে অশালীন বক্তব্য দেওয়ার মানসিকতার পরিবর্তন হতে হবে।" আসন্ন বিজয় দিবস উপলক্ষে শুক্রবার বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, "আমাদের দায়িত্বহীন বক্তব্য ও আচরণের মধ্য দিয়ে যেন বিরোধী দলের হাতে ইস্যু চলে না যায় সে আহ্বান জানাবো। বিরোধী দলের ইস্যুহীন আন্দোলন জনগনের সাড়া না পেয়ে হাওয়াই বাতির মতো জ্বলতে জ্বলতে এক সময় শেষ হয়ে যাবে।" একাত্তরের ১৬ ডিসেম্বর সামরিক বিজয় হলেও রাজনৈতিক বিজয় এখনও অসম্পূর্ণ রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, "মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি এখনো আক্রমণাত্মক অবস্থায় রয়েছে। অন্যদিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রয়েছে আত্মরক্ষামূলক অবস্থায়।" তিনি বলেন, "১৬৯ কার্যদিবসের মধ্যে মাত্র ৪৪ দিন বিরোধী দল সংসদে ছিল। এটাই প্রমাণ করে দেয়, বিরোধী দল জাতীয় সংসদকে সরকারি দলের কাছে পাঁচ বছরের জন্য ইজারা দিয়েছে।" ওবায়দুল কাদের বলেন, "আসন্ন পৌরসভা নির্বাচন সরকারের জন্য অগ্নিপরীক্ষা নয়। এমনকি ক্ষমতা হারানোর কোন ঝুঁকিও নেই। তবে এ নির্বাচনকে খাটো করে দেখারও সুযোগ নেই।" তিনি বলেন, "শুধু আইন সংশোধন করে স্থানীয় সরকার শক্তিশালী হবে না। অনেক আইন আছে যার বাস্তব প্রয়োগ নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/২০৪০ ঘ.