২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল প্রতিহত করুন: আইনমন্ত্রী

হরতাল প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2010, 11:54 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা ও মানিকগঞ্জ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেছেন, বর্তমান সরকার যখন বিজ্ঞানসম্মত শিক্ষানীতি বাস্তবায়ন করতে যাচ্ছে ঠিক তখন একটি মহল এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এজন্যই তারা ষড়যন্ত্র করে ২৬ ডিসেম্বর হরতাল দিয়েছে। তিনি ওই হরতাল প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। শুক্রবার মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে 'মাহফুজা খানম-শফিক আহমেদ' জুনিয়র বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে তিনি বক্তৃতা করছিলেন। আইনমন্ত্রী বলেন, "অসাংবিধানিক উপায়ে সংবিধানে যেসব ধারা যুক্ত করা হয়েছিল দেশের সর্বোচ্চ আদালতের রায়ের ভিত্তিতেই তা বাতিল করা হয়েছে।" শফিক আহমেদ বলেন, "উচ্চ আদালয়ের রায় অনুসারে সরকার সংবিধানের অসাংবিধানিক ধারাগুলো বাদ দিয়ে সংবিধান পুর্নমুদ্রণ করছে। এর মাধ্যমে সংবিধানের পরিবর্তন করা হচ্ছে।" এ বিষয়টি নিয়ে কোনো কোনো মহল বিভ্রান্তি ছাড়াচ্ছে অভিযোগ করে তিনি বলেন, "এর বিরুদ্ধে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকতে হবে।" যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, "৭১'র ক্ষতিগ্রস্ত সবাই যুদ্ধাপরাধীদের বিচার চায়। অপরাধ করে ক্ষমা পেয়ে যাওয়ার সংস্কৃতি থেকে দেশকে মুক্ত করতেই এ উদ্যোগ।" বর্তমান সরকারের মেয়াদেই এই বিচার কাজ শেষ হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে মানিকগঞ্জের বিভিন্ন মাধ্যমিক ও জুনিয়র স্কুলের ১৪৫ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে ৪০০ টাকা করে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিসি/এমইউএস/কেএমএস/১৭৪৬ ঘ.