ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন পৌরসভা নির্বাচনে একক প্রার্থী মনোনয়নে বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দলের সাংগঠনিক সম্পাদকের সঙ্গে বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে তার কক্ষে এক বৈঠক করেন।
এই বৈঠক প্রসঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তবে, আওয়ামী লীগের দু'জন সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে এই বৈঠকের সিদ্ধান্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, "কেন্দ্রিয়ভাবে কোনো মনোনয়ন দেওয়া হবে না। মনোনয়নের বিষয়টি আমরা স্থানীয় পর্যায়ের ওপর ছেড়ে দিয়েছি।"
মহাজোট সরকারের মন্ত্রী, সাংসদ ও শরিক দলগুলোর নেতারা এবং তাদের নিকটাত্মীয়দের পৌর নির্বাচনে প্রার্থী হতে নিরুৎসাহিত করা হবে বলে আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক জানান।
আসন্ন পৌরসভা নির্বাচনে মহাজোট থেকে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয় জোটের বড় শরিক আওয়ামী লীগ। স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দল থেকে প্রার্থী মনোনয়ন দেওয়ার বিধান নেই বলে মহাজোট থেকে প্রার্থীদের সমর্থন দেওয়া হবে বলে দলটি ইতোমধ্যে ঘোষণা দিয়েছে।
গত শুক্রবার আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম পৌর নির্বাচনের বিষয়ে বলেছিলেন, "পৌরসভা নির্বাচনে মহাজোট ঐক্যবদ্ধভাবে এক প্রার্থীকে সমর্থন দেবে।"
জেলা সদর পর্যায়ে পৌরসভার মেয়র মনোনয়ন প্রক্রিয়ায় থাকবেন ওই জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌরসভা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি, ওই পৌরসভার অন্তর্গত ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ সমর্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান, দলীয় সাংসদ এবং আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিত মেয়র।
আওয়ামী লীগের ওই সাধারণ সম্পাদক বলেন, "এছাড়া তৃণমূল পর্যায়ে আলাপ আলোচনা ও সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী সমর্থন করবেন।"
উপজেলা পর্যায়ে পৌরসভার মেয়র মনোনয়ন প্রক্রিয়ায় থাকবেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌরসভা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি, পৌরসভার অন্তর্গত ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিত মেয়র এবং আওয়ামী লীগ সমর্থিত উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান।
সভায় সাংগঠনিক সম্পাদকদের মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাসিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী এবং মেজবাহ উদ্দিন সিরাজ উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ আমন্ত্রণে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২২৮ ঘ.
bdnews24