ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদল কী কারণে সংসদ বর্জন করছে তা জাতির কাছে স্পষ্ট নয়।
বৃহস্পতিবার জাতীয় সংসদের সপ্তম অধিবেশনের সমাপনী বক্তৃতায় শেখ হাসিনা এ কথা বলেন।
এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বিরোধীদলকে সংসদে এসে কথা বলার আহবান জানান।
তিনি বলেন, "কারো মান অভিমান দেখার সময় নেই। হরতাল করা যেমন গণতান্ত্রিক অধিকার। হরতাল না করাও গণতান্ত্রিক অধিকার। গাড়ি জ্বালিয়ে জনগণের সম্মতিতে হরতাল হয় না। সেটা হয় ভয়তাল।"
এরশাদের এই বক্তব্যের সূত্র ধরে শেখ হাসিনা বলেন, "বিরোধীদলের নেতা উপস্থিত নেই। তাই কারো তো বক্তব্য দেওয়া উচিত। উনার ভাবী সাহেব নেই, তার অনুপস্থিতিতে তো কাউকে বক্তব্য দিতে হবে। ভাবী সাহেবের মান ভাঙাবেন কিনা সেটা উনাকে দেখতে হবে। ভাবী সাহেবের পরিবর্তে এভাবে উনি যদি বক্তব্য দিয়ে যান, তাহলে গণতন্ত্র রক্ষা করা কঠিন হবে না।"
এরশাদ আরো বলেন, তার দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারকে সফল করবে। সংসদ সফল হলে আমরা অনেক এগিয়ে যাবো।
জাপা চেয়ারম্যান প্রাদেশিক সরকার ব্যবস্থা চালুর জন্য সরকারের প্রতি যে আহবান জানিয়েছেন তার জবাবে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। সাতটা প্রদেশ করে মনে হয় না সমস্যার সমাধান হবে। এতে বরং খরচ বাড়বে। মাথা ভারি প্রসাশন হবে। নির্বাচিত প্রতিনিধি দিয়ে জেলা প্রশাসনকে কার্যকর করা যেতে পারে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে স্থানীয় প্রশাসনের হাতে দিতে চাই। অর্থনৈতিক কর্মকান্ড সচল হলে সবাই আর ঢাকা মুখী হবে না।
প্রধানমন্ত্রী সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাওয়ায় তাকে অভিনন্দন জানান এরশাদ।
এর জবাবে শেখ হাসিনা বলেন, "এ অর্জন আমার নয়, বাংলার জনগণের। আমি জনগণের জন্য আরো কাজ করে যেতে চাই। আমি চাই দেশের জনগণ উন্নত জীবন যাপন করবে। এজন্য দরকার ধারাবাহিক গণতন্ত্র।"
এরশাদ ঢাকার যানযট নিয়ে কথা বলেন। এজন্য তিনি সবার ঢাকামুখী হওয়াকে দায়ী করেন।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যানযট নিরসনে সাবওয়ে, এলিভেটেড এক্্রপ্রেসওয়ে নির্মাণ করা হবে। সবাই একটু কম গাড়ি বের করলে যানজট কমে যায়।
এরশাদ দাবি করেন যে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে।
এর জবাবে শেখ হাসিনা মহাজোট সরকার এবং বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের প্রথম ২৩ মাসের তুলনা করার আহবান জানিয়ে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নত।
ছিটমহল সমস্যা তুলে ধরে এরশাদ তার বক্তব্যে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন- "আমরা কী সার্বভৌম ? আমরা সার্বভৌম হলে ছিট মহল অন্যের দ্বারা শাসিত হয় কী ভাবে ?"
জবাবে শেখ হাসিনা বলেন, "আমরা কিন্তু বসে নেই। মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী তা বাস্তবায়ন করা হয়নি। সাড়ে ছয় কিলোমিটার সীমানা এখনো নির্ধারিত হয়নি। এটা ঠিক হলেই ছিট মহল সমস্যার সমাধান হয়ে যাবে।"
দ্রব্যমূল্য প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, "বলা হচ্ছে- দ্রব্যমূল্য লাগামহীন। চালের দাম ৪০ টাকা বা তার কাছাকাছি।"
তিনি খাদ্য মন্ত্রীকে চালের উৎপাদন খরচ জনগণের কাছে তুলে ধরার আহবান জানান।
এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, "দ্রব্যমূল্যের ঘোড়া এখন লাগামহীন- এটা বলা ঠিক হবে না। আমি প্রতিদিন বাজার মনিটরিং করি। মোটা চালের দাম ৩০/৩১ টাকা। উন্নত চালের দাম একটু বেশী। যে কোনো জিনিসের দাম বাড়লে আমি বাণিজ্য মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করি বা কীভাবে দাম কমানো যায় সে উদ্যোগ নেই।"
সংসদ নেতা তার বক্তব্যের শুরুতেই নরসিংদীতে রেল দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেন, "কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা আমরা দেখছি।"
বিদ্যুত সংকট প্রসঙ্গে তিনি বলেন, "বিদ্যুতের সমস্যা আমরা সমাধান করতে পারবো। এই আত্মবিশ্বাস আমাদের আছে।"
হজ্ব ব্যবস্থাপনায় সরকারের সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ৫৪ হাজার হাজীর জায়গায় এবার হজে যান ৯৪ হাজার। হাজীদের ভালোভাবে হজ্ব করিয়ে আমরা ফিরিয়ে আনতে পেরেছি। জনগণের দাবি একে একে কার্যকর করে যাচ্ছি।
ইভটিজিং প্রতিরোধে আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টির আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে।
মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়নের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধারা যেন সার্টিফিকেট পায়। ভুয়া মুক্তিযোদ্ধারা যেন সার্টিফিকেট না পায়- সেদিকে খেয়াল রাখতে হবে।
সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে শেখ হাসিনা আরো বলেন, "বাংলার মাটিতে আমরা কোনো সন্ত্রাসী কর্মকান্ড চলতে দেবো না। দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত থাকবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২২২২ঘ.
bdnews24