ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন কমিটি গঠনের পর বিএনপির জনসমর্থন বেড়েছে এবং দল শক্তিশালী হয়েছে বলে মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০০৯ সালের ৮ ডিসেম্বর বিএনপির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। তারপর দলের ৭৮ টি সাংগঠনিক কমিটির মধ্যে ৭৩টির নতুন কমিটি হয়েছে।
এক বছরের অগ্রগতি মূল্যায়ন করতে গিয়ে বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, "শত বাধা-বিপত্তির মধ্যেও ফিনিক্স পাখির মতো বিএনপি ধ্বংসস্তূপ থেকে আবার জেগে উঠে ঘুরে দাঁড়িয়েছে। দলের জনসমর্থন বেড়েছে। দল শক্তিশালী হয়েছে।"
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন কমিটি গঠন, দলের তৃণমূল পর্যায়ে অবস্থাসহ বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
এ সময় মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, "সামরিক শাসনের পর ১৯৮২ সালেও বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র হয়েছে। ১/১১ এর পর সেই কাজটি আবার হয়। তবে ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি।"
মির্জা ফখরুল বলেন, "সরকারের দমন নির্যাতনের পরও বিএনপি শুধু টিকেই নেই, সামনের দিকে এগিয়ে চলছে। দলের সব ইউনিট ও অঙ্গসংগঠনের শক্তি বেড়েছে।"
"আমি বিশ্বাস করি, এক বছরে দল ঘুরে দাঁড়িয়েছে।"
কমিটি নিয়ে বিরোধ আছে কিনা জানতে চাইলে তিনি 'না' সূচক জবাব দেন।
মির্জা ফখরুল দাবি করেন, সম্মেলনের মাধ্যমে ৬১টি সাংগঠনিক কমিটি নতুন গঠন করা হয়েছে। বাকি ছিলো ১৭টি। তার মধ্যে ১২টির বিরোধ নিষ্পত্তি করে কমিটি করা হয়েছে। কয়েকটি কমিটি করার জন্য সম্মেলন করা যায়নি, নেতাদের ঢাকায় ডেকে এনে গোপন ব্যালটের মাধ্যমে কমিটি করা হয়েছে। মাত্র ৫টি সাংগঠনিক কমিটির সম্মেলন বাকি।
তিনি আরো দাবি করেন, সব কমিটি গঠনের ক্ষেত্রেই গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। কাউন্সিলরদের ভোটে সম্মেলনের মাধ্যমে অথবা মতামতের ভিত্তিতে তৃণমূল থেকে সর্বস্তরের কমিটি গঠন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
মির্জা ফখরুল বলেন, "সরকার বিএনপির ২৩ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার হয়েছে। এছাড়া নেতা-কর্মীদের বিরুদ্ধে ১৬শ' নতুন মামলা দায়ের করেছে। অপরদিকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের ছয় হাজার মামলা সরকার ক্ষমতার অপব্যবহার করে তুলে নিয়েছে। অথচ বিএনপির একটি মামলাও প্রত্যাহার করা হয়নি।"
দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ি থেকে উচ্ছেদ করা এবং তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরের কঠোর সমালোচনা করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপি সরকারবিরোধী আন্দোলন করছে উল্লেখ করে তিনি বলেন, "আমাদের দল গণমানুষের দল। আমরা মানুষের মৌলিক সমস্যা সমাধানে ২২ মাসে ৩টি হরতাল দিয়েছি। কিন্তু সরকার জনগণের কোনো দাবিই পুরণ করেনি।"
শিগগিরই মহানগর কমিটি
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, "মহানগর ঢাকার কমিটি শিগগিরই গঠন করা হবে।"
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "দুই-এক মাস নয়। আরো আগেই হবে।"
তিনি জানান, মানিকগঞ্জ, ঢাকা জেলাসহ ৫টি সাংগঠনিক কমিটির সম্মেলন হয়নি। সম্মেলন শিগগিরই করার উদ্যোগ নেওয়া হয়েছে।
২০০৭ সালে জরুরি অবস্থা জারির পরপরই ঢাকা মহানগর কমিটি ভেঙ্গে দেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
পৌর নির্বাচনে সেনা মোতায়েন দাবি
পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয়ভাবে কিংবা জোটগতভাবে অংশ নিচ্ছে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, "তবে দলীয় নেতা-কর্মীরা এই নির্বাচনে অংশ নেবেন। কে বা কারা জিতবেন, তা দেখতে পারবেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পৌর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি।"
সেনাবাহিনী মোতায়েনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরোধিতার জবাবে তিনি বলেন, "তাদের কথাকে আমরা গুরুত্ব দেই না। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। তারা প্রথমেই বলেছে, পৌর নির্বাচনে প্রয়োজনে সেনা মোতায়েন করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/কেএমএস/১৬৩৬ ঘ.
bdnews24