ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের একটি প্রতিনিধি দল শনিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছে। গুলশানের কার্যালয়ে এই বৈঠক হয়।
বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান।
সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মুহিউদ্দীন খানের নেতৃত্বে ২০ সদস্যের এই প্রতিনিধি দলে অন্যদের মধ্যে খেলাফত মজলিশের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক, নেজামী ইসলামী পার্টির মহাসচিব আবদুল লতিফ নেজামী, মাদ্রাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা যাইনুল জয়নুল আবেদিন, শর্ষিনার ছোট পীর মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, ফরায়েজী আন্দোলনের মহাসচিব আবদুল্লাহ মোহাম্মদ হাসান, বাংলাদেশ আইম্মাদ পরিষদের সভাপতি মাওলানা মহীউদ্দিন রাব্বানী, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের যুগ্ম মহাসচিব খলিলুর রহমান মাদানী প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে বিএনপি'র মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১০১ ঘ.
bdnews24