লালমনিরহাট, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগুনে পুড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যুর ঘটনায় বিএনপির ২২ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।
শনিবার বিকালে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
গত ২৯ নভেম্বর রাতে অগ্নিদগ্ধ হন লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মোস্তফা সরকারসহ দু'জন।
শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফার মৃত্যু হয়।
ওই ঘটনায় শুক্রবার রাতেই মোস্তফার চাচাতো ভাই স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রশীদ বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় বিএনপির ২২ নেতাকর্মীর বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা বিএনপি সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ৩০ নভেম্বরের হরতাল কর্মসূচিতে বাধা দিতে আগের রাতে মোস্তফা সরকারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা গোকুন্ডা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়।
ওই সময় নিজেদের কাপড়ে আগুন লেগে দগ্ধ হন মোস্তফা সরকার ও আনিছুর রহমান।
ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
মামলায় আসামি করা হয়েছে- লালমনিরহাট সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজু মিয়া, গোকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ ৩২ নেতাকর্মীকে।
এই মিথ্যা মামলা প্রত্যাহার না করলে পুরো জেলায় হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, যুগ্ন সম্পাদক ফজলুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন বাবুল, সদর উপজেলা সাধারণ সম্পাদক মমিনুল হক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪০ ঘ.
bdnews24