বরিশাল, ০৩ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষের মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার দুপুরে উপজেলার গৈলা বাজার থেকে গ্রেপ্তার তিন ছাত্রলীগকর্মী হলেন- টিটু তালুকদার, কমল দাস ও দেবা চৌধুরী।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শোয়েব ইমতিয়াজ লিমন ও যুগ্ম সম্পাদক শহিদ পাইকের সমর্থকদের মধ্যে হামলা পাল্টা-হামলা ও সংঘর্ষ হয়।
ওই ঘটনায় শুক্রবার শহিদ পাইকের বাবা থানায় একটি মামলা করেন।
পুলিশ জানায়, বেশ কিছুদিন থেকে শোয়েব ইমতিয়াজ লিমন ও শহিদ পাইকের মধ্যে বিরোধ চলে আসছিল।
এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় লিমন গ্র"পের সমর্থকরা শহিদ পাইককে প্রচণ্ড মারধর করে।
রাতে শহিদের সমর্থকরা লিটন গ্র"পের ওপর পাল্টা হামলা চালালে দু'পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে রয়েছেন- শহিদ পাইক, জাকির পাইক, মনির হোসেন, আবু বক্কর, রুহুল আমিন, মামুন মোল্লা, বিপুল দাস, জাকির তালুকদার, সাইদুল সরদার, শাহজাদা, আরিফ হোসেন, টিটু, হরষিত, রাকিব, কায়েশ, রাব্বি, মামুন, এনামুল হক, পলাশ গাজীসহ অন্তত ২০ জন ছাত্রলী নেতাকর্মী।
শহীদ পাইককে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা আগৈলঝাড়া ও গৌরনদী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আগৈলঝারা থানার ওসি অশোক কুমার নন্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে শহিদ পাইকের বাবা মকবুল হোসেন পাইক বাদী হয়ে আগৈলঝাড়া থানায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং আরো ১০/১২ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি মামলা করেছেন।
ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাদের আদালতে পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৪ ঘ.
bdnews24