শেরপুর, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর শহরের দুর্গা নারায়ণপুর থেকে সভাপতি আবু রায়হান রূপন এবং রঘুনাথ বাজার থেকে সাধারণ সম্পাদক কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৭ নভেম্বর তাদের বিরুদ্ধে মামলাটি করেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) এ কে আজাদ।
মামলায় অভিযোগ করা হয়েছে, বিএনপির ডাকা হরতালের আগে ২৬ নভেম্বর রাতে আসামিরা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক আশরাফুন নাহারের গোপালবাড়ীর বাসায় গোপন বৈঠক করেন। ওই বৈঠকে ৩০ নভেম্বর হরতালের সময় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা করা হয়।
এর আগে এই মামলায় বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম স্বপনসহ ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/এমএসবি/২০০৬ ঘ.
bdnews24