ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দল বিএনপিকে হরতালের বিকল্প খুঁজতে বললেও নিজেদের ক্ষেত্রে 'রাজনৈতিক প্রতিবাদের শেষ অস্ত্র' হিসেবে হরতালের বিপক্ষে নয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বিরোধী দল বিএনপি'র প্রতি হরতালের বিকল্প শান্তিপূর্ণ রাজনৈতিক পথ খুঁজে বের করার আহ্বান জানান।
এসময় আওয়ামী লীগ ভবিষ্যতে বিরোধী দলে গেলে হরতালের বিকল্প খুঁজে বের করবে কি না জানতে চান এক সাংবাদিক। জবাবে হানিফ বলেন, "গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনীতিতে প্রতিবাদের শেষ অস্ত্র হরতাল।"
এ জবাবের প্রেক্ষিতে আরেক সাংবাদিক জানতে চান, তাহলে বিরোধী দলে গেলে আওয়ামী লীগ হরতাল করবে? এর জবাবে হানিফ বলেন, "প্রতিবাদের আর কোনো ভাষা যখন থাকে না, সেখানে হরতাল আসতেই পারে।"
'বিএনপি'র সন্ত্রাসে জীবনযাত্রা কিছুটা ব্যাহত'
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্যে হানিফ গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, "বিরোধী দল শান্তিপূর্ণ হরতালের পরিবর্তে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর, জ্বালাও পোড়াও করে সহিংস পথ বেছে নিয়ে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে।"
হানিফ দাবি করেন, দেশের বিভিন্ন স্থান থেকে তারা যেটুকু খবর পেয়েছেন তাতে জনজীবন স্বাভাবিক ছিলো। ঢাকা মহানগরীতে রিকশা স্বাভাবিকভাবে চললেও বাস, টেম্পু, প্রাইভেটকারের সংখ্যা কিছুটা কম ছিলো।
"বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা ব্যাহত হয়েছে," দাবি করেন ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক।
তিনি মনে করেন, বিএনপি'র ডাকা মঙ্গলবারের হরতাল জনগণ প্রত্যাখান করেছে। কেননা বিএনপি প্রকৃতপক্ষে কোনো জাতীয় ইস্যু নিয়ে হরতাল ডাকেনি।
হানিফ বলেন, "জনগণকে বোমাবাজি, সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাংচুর ইত্যাদির মধ্য দিয়ে জোরপূর্বক ঘরে, অফিস-আদালতে বন্দি রাখার নাম হরতাল হতে পারে না। দেশ, জাতি, জনগণের ভাগ্য পরিবর্তন তথা উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে প্রতিবাদের ভাষা বিরোধী দলকে বদলাতে হবে। হরতালের নামে জ্বালাও-পোড়াও এবং মানুষের জীবন ও সম্পদ ধ্বংসের রাজনীতির পথ পরিহার করতে হবে।"
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮৪৩ ঘ.
bdnews24