ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচারের মামলায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।
ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোজ্জাম্মেল হক মঙ্গলবার এ মামলায় অভিযোগ গঠন করে আগামী ৪ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন।
এ মামলায় কোকোর বিরুদ্ধে গত ৩১ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই বিচারক। যদিও কোকো এখনো থাইল্যান্ডে রয়েছেন।
এ মামলায় গত বছরের ১২ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে কোকোর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন।
কমিশনের দায়ের করা ওই মামলায় কোকোর বিরুদ্ধে ২৮ লাখ ৮৪ হাজার ৬০৪ সিঙ্গাপুরি ডলার এবং ৯ লাখ ৩২ হাজার মার্কিন ডলার পাচারের অভিযোগ আনা হয়েছে।
মামলায় বলা হয়, সিঙ্গাপুরের ব্যাংকে কোকোর হিসাবে বাংলাদেশের কয়েকটি অবকাঠামো প্রকল্পের কাজ পাওয়ার জন্য বিদেশি কোম্পানির ঘুষের টাকা জমা হয়েছিল।
অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় কোকোকে সর্বোচ্চ সাত বছর কারাভোগ করতে হবে।
সাবেক নৌমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মনকেও এ মামলায় কোকোর সঙ্গে আসামি করা হয়েছে। তাকে পলাতক দেখিয়ে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষী করা হয়েছে ২৩ জনকে।
দুর্নীতি দমন কমিশন গত ১৭ মার্চ কাফরুল থানায় কোকোর বিরুদ্ধে এ মামলা দায়ের করে।
কোকোকে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর ২০০৮ সালের মে মাসে তাকে সাময়িক মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
তারপর থেকে নিয়মিত আবেদন করে এ মুক্তির মেয়াদ বাড়াচ্ছিলেন কোকো। তবে গত ১৯ অগাস্ট পারোল বাতিল করে তাকে ৩১ অগাস্টের মধ্যে দেশে ফিরে আসতে বলে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৫০০ ঘ.
bdnews24