ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল চলাকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি সাংসদ নিলুফার চৌধুরী মনিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাকে এবং দলের সাবেক সাংসদ হেলেন জেরিন খানকে আটক করে। এসময় তাদের সঙ্গে একজন কর্মীকেও আটক করা হয়।
বিএনপির দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাংসদ নিলুফার চৌধুরী মনি ও সাবেক সাংসদ হেলেন জেরিন খান দুপুর সোয়া ১২টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয় এবং আটক করে। তাদের সঙ্গে একজন কর্মীকেও আটক করা হয়েছে।
এর আগে মঙ্গলবার ভোরের দিকে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় পুলিশ ১৮ জনকে গ্রেপ্তার করে।
রিজভী জানান, পরে সকাল ১০টা পর্যন্ত আরো ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৩২৫ ঘ.
bdnews24