নোয়াখালী, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালীর সোনাইমুড়ীতে বিএনপির মিছিলে সরকার সমর্থক যুবলীগ নেতাকর্মীদের হামলার খবর পাওয়া গেছে।
হামলায় বিএনপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।
সোমবার বিকালে উপজেলার জয়াগ বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতা সেলিম জানান, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে।
মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার স্বাস্থ্য কেন্দ্রের আসার পথে ইউনিয়ন যুবলীগের সভাপতি নাসিরের নেতৃত্বে ২০/২৫ জন হঠাৎ করে হামলা চালায়।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আহতদের মধ্যে স্বপন (৩০), মান্নান ভূঁইয়া (৩২), নাজিম (২৫), প্রদীপ (৩৮), সেলিম (৩৮), পারভেজ (২৬), সিরাজকে (৫০) সোনাইমুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বিএনপির নেতারা অভিযোগ করেন, সোনাইমুড়ী থানার এসআই আমজাদের নেতৃত্বে পুলিশ থাকলেও হামলা ঠেকাতে তারা কোনো ভূমিকা রাখেনি।
এ বিষয়ে স্থানীয় যুবলীগের কোনো নেতার বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
সোনাইমুড়ী থানার ওসি নজিবুল ইসলামের সাংবাদকিদের জানান, দুই দলের লোকজন মুখোমুখি হওয়ায় সামান্য ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৮ ঘ.
bdnews24