২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হরতালকেন্দ্রিক নৈরাজ্য হলে বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা'

হরতালকেন্দ্রিক নৈরাজ্য হলে বিএনপি'র শীর্ষ নেতাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 02:05 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালকেন্দ্রিক নৈরাজ্য হলে বিএনপি'র শীর্ষ নেতাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। বিএনপি নেতাদের সাবধান করে দিয়ে কামরুল বলেছেন, "হরতালকে সামনে রেখে যদি জনগণকে জিম্মি করা হয়, জানমালের ক্ষতি করা হয়- তা হলে যত বড় নেতাই হোন না কেন যারা হরতাল ডেকেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" এদিকে, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক হরতালের দিন সবাইকে স্বাভাবিক জীবন যাপন করার আহ্বান জানান। নূর হোসেন ও নুরুল হুদা বাবুল স্মরণে সোমবার বিকালে রাজধানীর চকবাজারে ঢাকা মহানগর যুবলীগ (দক্ষিণ) আয়োজিত এক স্মরণ সভায় এসব কথা বলেন তারা। খালেদার গুলশানের ৩৩ কাঠা জমি বাস্তুহারাদের জন্য ছেড়ে দিতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান নানক। বলেন, "ঢাকায় কবরের জায়গা নেই। আপনাকে ৩৩ কাঠা জায়গা ছাড়তে হবে।" চকবাজারের সার্কুলার রোডে এই স্মরণসভার জন্য রাস্তা বন্ধ করে মঞ্চ বানানো হয়। এতে রাস্তার দু'দিকে দোকানিদের ব্যবসা বাধাগ্রস্ত হয়। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ঐ এলাকার সাবেক সাংসদ হাজী মোহাম্মদ সেলিম বলেন, "সমাবেশের জন্য দোকানদার ভাইদের ঘণ্টা দুয়েক সমস্যা হবে। আমি আপনাদের কাছে এজন্য ক্ষমা চাচ্ছি।" সমাবেশে আরো বক্তব্য দেন সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, যুবলীগ নেতা নুরুন্নবী চৌধুরী শাওন, মহিউদ্দিন আহমেদ মহি প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯৫৮ ঘ.