২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ১০

রাজশাহীর পবা উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 02:03 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

রাজশাহী, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীর পবা উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে দুই পুলিশ সদস্য রয়েছে। ঘটনাস্থল থেকে বিএনপির স্থানীয় এক নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার বিকাল ৫টার দিকে উপজেলায় নওহাটা এলাকায় হরতালের সমর্থনে বিএনপি মিছিলে বাধা দেওয়ায় এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়। 'জনগণের সমস্যা সমাধানের' দাবিতে বিএনপি মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। স্থানীয়রা জানায়, বিএনপি নেতাকর্মীরা নওহাটা কলেজ মোড়ে সমবেত হয়। তারা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক ও নজরুল ইসলাম আহত হন। এরপর পুলিশ লাঠিপেটা করে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন আহত হয়। তবে তাদের নাম জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিক উদ্দিনকে আটক করে। রফিক উদ্দিন দাবি করেন, পুলিশ শান্তিপূর্ণ মিছিলে বাধা দেয়। পুলিশের লাঠিপেটায় তাদের ৭/৮ জন নেতাকর্মী আহত হয়েছে। পবা থানার ওসি রমজান আলী জানান, মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করা হয়। তিনি বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নওহাটা বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আটক বিএনপি নেতা রফিক উদ্দিন পুলিশ হেফাজতে আছে বলে ওসি জানান। এদিকে হরতালের সমর্থনে বিকাল সোয়া ৫টার দিকে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে ভুবন মোহন পার্ক থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি সাহেব বাজার জিরো পয়েন্টে এলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে গণকপাড়া হয়ে লোকনাথ স্কুল মাঠে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মিনু অভিযোগ করেন, সরকার আন্দোলনের পথ বন্ধ করতে পুলিশ লেলিয়ে দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০২ ঘ.