২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিছিলে লাঠিপেটা, হামলা-ভাংচুর

হরতালের সমর্থনে সোমবার বিকালে সিলেট নগরীতে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 01:28 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

সিলেট, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের সমর্থনে সোমবার বিকালে সিলেট নগরীতে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে। নগরীর বিভিন্ন স্থান থেকে পুলিশ ১৭ জনকে আটক করে। পরে সাতজনকে ছেড়ে দেয়। ছাড়া পেয়েছেন- জেলা বিএনপি সহসভাপতি দিলদার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ও মহানগর সভাপতি এমএ হকসহ সাতজন। বাকি ১০ জনকে থানায় আটক রাখা হয়। এদের নাম জানা যায়নি। বিকাল সাড়ে ৩টায় নগরীর রেজিষ্ট্রি মাঠে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশ লাঠিপেটা শুরু করে। লাঠিপেটায় আহত হয়েছেন- বিএনপির মহানগর সভাপতি এম এ হক, জেলা সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল গাফফার ও সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, মহানগর সহ-সভাপতি নাসিম হোসাইন, সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী। বাকিদের নাম জানা যায়নি। এদের মধ্যে এম এ হক ও আলী অহমদ নগরীর একটি ক্লিনিকে ভর্তি হয়েছেন। বাকিরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এদিকে পুলিশের লঠিপেটার খবর শুনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা নগরীর শিবগঞ্জ, উপশহর, সুরমা মার্কেট ও তালতলা এলকায় অন্তত ১০টি গাড়ি ভাংচুর করে। শিবগঞ্জ এলাকায় একটি মিনিবাস ও একটি মাইক্রোবাস পোড়ায়। পরে পুলিশের ধাওয়ায় বিভিন্ন স্থানে জড়ো হওয়া নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। নগরীর বিভিন্ন স্থানে অতিরিক্ত র‌্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে। কোতয়ালি থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান বলেন, মিছিল থেকে আটক সাতজনকে জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। থানার উপ-পরিদর্শক নারায়ণ দত্ত জানান, বিশৃঙ্খলা সৃষ্টির সময় আটক ১০ জনকে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪০ ঘ.