ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারা দেশে গণগ্রেপ্তারের জন্য বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে দায়ী করেছেন স্বরাস্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
সোমবার স্বরাস্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে 'বিশ্ব এজতেমা আইন শৃঙ্খলা পরিস্থিতি' বিষয়ক এক সভা শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, হরতাল ডেকে খালেদা জিয়া ছাত্রদল যুবদলের কোমলমতি কর্মীদের ঝুঁকির মধ্যে ফেলছেন। এটি কোন রাজনীতিবিদের কাজ হতে পারে না। যারা দেশকে অস্থিতিশীল ও গণতন্ত্রকে নাসাৎ করতে চায় তারাই হরতাল আহ্বান করছে।
তবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী।
সভা শেষে স্বরাস্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিশ্ব এজতেমার নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের জানান, আগামী ২১ থেকে ২৩ জানুয়ারী বিশ্ব এজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এজতেমা কর্তৃপক্ষ দুই দফায় আখেরী মোনাজাত করার প্রস্তাব দিয়েছে। কিন্তু আইন- শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিবেচনায় তাদের এক দিনেই আখেরী মোনাজাত করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন সেবামূলক সংস্থা, স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশনকে দিক নির্দেশনা দেয়া হয়েছে।
সভায় স্বরাষ্ট্রসচিব, পুলিশের আইজিসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৪১০ ঘ.
bdnews24