২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধরপাকড় চলছে, মিছিলে বাধা-সংঘর্ষ

হরতালের আগে সারাদেশে বিএনপি নেতা-কর্মীদের ধরপাকড় অব্যাহত রয়েছে। মিছিলে লাঠিপেটায় আহত হয়েছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ শতাধিক জন। কয়েকটি স্থানে বিএনপির মিছিলে সরকার সমর্থকরা হামলা করেছে বলে অভিযোগ এসেছে। অন্যদিকে হরতালে বিরুদ্ধে কয়েক স্থানে মিছিল করেছে সরকারি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 02:05 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের আগে সারাদেশে বিএনপি নেতা-কর্মীদের ধরপাকড় অব্যাহত রয়েছে। মিছিলে লাঠিপেটায় আহত হয়েছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ শতাধিক জন। কয়েকটি স্থানে বিএনপির মিছিলে সরকার সমর্থকরা হামলা করেছে বলে অভিযোগ এসেছে। অন্যদিকে হরতালে বিরুদ্ধে কয়েক স্থানে মিছিল করেছে সরকারি দল। আগামী ৩০ নভেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। হরতালের আগে শুক্রবার রাত থেকে রাজধানীসহ বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার শুরু হয়। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন রোববার দুপুরে সাংবাদিকদের বলেছেন, তাদের ১ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। হরতালে কর্মীদের মাঠে না ঠেকাতে এ গ্রেপ্তার অভিযান চলছে বলে দাবি করেন তিনি। এর প্রতিবাদে আরো হরতাল দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বিএনপি নেতারা। অন্যদিকে বিরোধী দলের অভিযোগ নাকচ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, উদ্দেশ্যমূলকভাবে বা অহেতুক কাউকে গ্রেপ্তার করা হয়নি। সুনির্দিষ্ট অভিযোগেই গ্রেপ্তার করা হচ্ছে। হরতালে ভাংচুর কিংবা গাড়িতে আগুন দেওয়া কঠোরভাবে দমন করা হবে বলেও বিরোধী দলের প্রতি হুঁশিয়ারি দেন তিনি। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদও গণগ্রেপ্তারের অভিযোগ প্রত্যাখ্যান করেন। নাটোর ও বরিশালে বিএনপির মিছিলে ব্যাপক লাঠিপেটা করেছে পুলিশ। নাটোরে আহত হয়েছেন সাবেক উপমন্ত্রী দুলুসহ ২২ জন এবং বরিশালে ৩০ জন। খুলনায় হরতাল সমর্থকদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে আহত হয়েছে বিএনপির অর্ধশত নেতা-কর্মী। চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। রাজবাড়ী ও জামালপুরে হরতালের বিরুদ্ধে মিছিল করেছে আওয়ামী লীগ। মানববন্ধন করেছে মানিকগঞ্জে। হরতালবিরোধী সমাবেশ হয়েছে খুলনায়। শেরপুরে গত দুদিনে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে তিন জন রয়েছেন জামায়াতে ইসলামীর। বরগুনায় আমতলী পৌর ছাত্রদলের সভাপতি আবু সাঈদ জুবেরীসহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুদিনে গ্রেপ্তারের সংখ্যা ৯ জনে দাঁড়ালো। মানিকগঞ্জে গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে। পাবনার চাটমোহরে যুবদলের চার নেতা এবং সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে উল্লাপাড়া সদরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জলিল ও উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলামও রয়েছেন। বগুড়ায় গ্রেপ্তার হয়েছে ২০ জন। নেত্রকোনায় বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি রহমত আলীহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। নীলফামারীতে আরো তিনজনকে এবং নারায়ণগঞ্জে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। লালমনিরহাটে গ্রেপ্তার হয়েছে আটজন। কিশোরগঞ্জে ভৈরব উপজেলা বিএনপির সভাপতি সাদেক হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। খুলনায় গ্রেপ্তার হয়েছ আট জন। চাঁদপুরের তিন উপজেলা থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় পুলিশ বলছে, হরতালে নাশকতা চালানোর আশঙ্কা থেকে এদের গ্রেপ্তার করা হয়েছে। এদিকে পিরোজপুরে শনিবারের সংঘর্ষের ঘটনায় বিএনপির প্রায় ৪শ' নেতাকর্মীর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে মামলা করেছে পুলিশ। একই অভিােযগে ময়মনসিংহে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৬০০ জনকে আসামি করে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০০০ ঘ.