ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি নিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার করা চারটি আলাদা আবেদনের শুনানি হবে সোমবার।
এগুলোর মধ্যে রয়েছে বাড়ি ছাড়া নিয়ে হাইকোর্টের রায় স্থগিত আবেদন, ওই রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি, ওই বাড়ি থেকে 'উচ্ছেদের মাধ্যমে' আদালত অবমাননার আবেদন এবং বাড়িটি আগের অবস্থায় ফেরত চেয়ে করা আবেদন।
গত ১০ নভেম্বর বাড়ি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল আবেদনের শুনানি ২৯ নভেম্বর পর্যন্ত মুলতবি করে আপিল বিভাগ। এর আগে ১৩ অক্টোবর সরকারের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার করা রিট আবেদন খারিজ করে হাইকোর্ট। একই সঙ্গে একমাসের মধ্যে বিএনপি চেয়ারপার্সনকে ওই বাড়ি ছাড়তেও বলা হয়।
হাইকোর্টের ওই আদেশের পর গত ১৩ নভেম্বর ক্যান্টনমেন্ট বোর্ড বাড়িটি খালি করে। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অভিযোগ করেন, তাকে জোর করে সেনানিবাসের বাড়ি বের করে দেওয়া হয়েছে। অবশ্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর দাবি করেছে খালেদা জিয়া স্বেচ্ছায় বাড়ি ছাড়েন।
এরপর গত ২৩ নভেম্বর বাড়ি খালি করার মাধ্যমে আদালত অবমাননা ও বাড়িটি আগের অবস্থায় ফেরত চেয়ে আলাদা দুটি আবেদন করেন খালেদা ।
প্রতিরক্ষা সচিব খন্দকার আসাদুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার, সামরিক ভূ-সম্পত্তি অধিদপ্তরের পরিচালক মর্তুজা আহমেদ, উপপরিচালক শফিকুল আহমেদ, মিলিটারি এস্টেট অফিসার এসএম ইমদাদুল হক, সেনানিবাস বোর্ডের চেয়ারম্যান তানবীর হাসান মজুমদার এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক শাহীনুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন খালেদা।
সেনানিবাসের ওই বাড়ি ছাড়তে চলতি বছরের এপ্রিল ও মে মাসে খালেদাকে তিন দফা নোটিশ দেওয়া হয়।
১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হওয়ার পর ওই বছরের ১২ জুন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার শহীদ মইনুল সড়কের বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেন। গত বছরের ৮ এপ্রিল ওই বাড়ির ইজারা বাতিলের সিদ্ধান্ত নেয় মন্ত্রি পরিষদ। এরপর বাড়িটি খালি করে দিতে খালেদা জিয়াকে তিন দফায় নোটিশ দেয় সামরিক ভুমি ও সেনানিবাস অধিদপ্তর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২১৪৩ ঘ.
bdnews24