ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতের ভিত্তিতে হরতালের বিকল্প কর্মসূচি খোঁজার আহ্বান জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজেএমইএ।
রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, "হরতাল দেশবাসীর জন্য উপকার আনে না। বরং হরতালের জন্য সার্বিকভাবে সবারই অসুবিধা হয়। তাই সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতের ভিত্তিতে হরতালের বিকল্প প্রতিবাদ কর্মসূচি খুঁজে বের করা উচিত।"
দ্রব্যমূল বৃদ্ধি, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ নানা ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে আগামী মঙ্গলবার সারাদেশে হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপি।
দেশে তৈরি পোশাকের সবচেয়ে বড় প্রদর্শনী বাটেক্সপোর সাফল্য নিয়ে বিজিএমইএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান মুর্শেদী।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও নিট পোশাক প্রন্তুতকারকদের সংগঠন বিকেএমইএ হরতাল প্রত্যাহারে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছে।
এফবিসিসিআই সভাপতি একে আজাদ হরতাল বন্ধে প্রয়োজনে আইন করার কথাও বলেছেন।
সালাম মুর্শেদী জানান, গতবারের চেয়ে এবারের বাটেক্সপোতে তাৎক্ষণিক কার্যাদেশ ও ক্রেতা সমাগম বেড়েছে। এবারের মেলায় তৈরি পোশাকের তাৎক্ষণিক কার্যাদেশ পাওয়া গেছে প্রায় সাড়ে ছয় কোটি মার্কিন ডলারের। গত বছর পাওয়া গিয়েছিল প্রায় চার কোটি ২০ লাখ মার্কিন ডলারের।
মেলায় বিদেশি ক্রেতারা পোশাকের ব্যাপারে যথেষ্ঠ আগ্রহ প্রকাশ করেছে জানিয়ে মুর্শেদী বলেন, "বিদ্যুৎ-গ্যাসের অভাব, অনুন্নত বন্দর ব্যবস্থাপনা ও বেশি চার্জ, ব্যাংক ঋণের উচ্চ সুদের হার এ জন্য দায়ী।"
এ সব সমস্যা সমাধানে সরকারের সহায়তা চেয়ে তিনি বলেন, "নীতিগত সহায়তা পেলে ও অবকাঠামোগত উন্নয়ন ঘটলে পোশাক শিল্পখাত থেকে রপ্তানি আয় আগামী তিন বছরে দুই হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।"
গত অর্থবছরে বাংলাদেশ থেকে এক হাজার দুইশ ৫০ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয় যা দেশের মোট রপ্তানির ৭৭ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/পিডি/১৮৪৯ ঘ.
bdnews24