২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের ঘটনায় আরো চারজন গ্রেপ্তার

সিরাজগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়া ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় আরো চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 12:42 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

সিরাজগঞ্জ, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়া ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় আরো চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ৮৫ জনকে গ্রেপ্তার করা হলো। শনিবার বিকাল ও রাতে বাড়ি থেকে ওই চারজনকে আটক করা হয়। পরে র‌্যাবের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার হাসেম আলী (৪২) ও মনিরুল ইসলাম (৩৯), রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের রৌহাবাড়ী গ্রামের বেলাল হোসেন (৩৩) ও চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজীপুর গ্রামের আব্দুর রাজ্জাক খান (৫৫)। সলঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, র‌্যাবের করায় মামলায় শনিবার রাতে হাটিকুমরুলের হাসেম ও মনিরুলকে আটক করা হয়। রায়গঞ্জ থানার ওসি শামসুল হক জানান, রৌহাবাড়ীর বেলাল ও সরাই হাজীপুর গ্রামের রাজ্জাককে শনিবার বিকালে গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবু বকর সিদ্দিকী গত ১২ অক্টোবর এ মামলাটি করেন। রোববার বিকালে গ্রেপ্তারকৃত চারজনকে জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে হাকিম নীলা কর্মকার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন আদালত পরিদর্শক মো. মন্নাফ। গত ১১ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে সিরাজগঞ্জের সয়দাবাদ রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অন্তত সাতজন মারা যায়। ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন ট্রেনটি থামিয়ে চালক ও গার্ডকে মারধর করে এবং টেনটিতে আগুন ধরিয়ে দেয়। দ্রুতযান এক্সপ্রেস নামের ট্রেনটি দিনাজপুর থেকে ঢাকা যাচ্ছিলো। এই ঘটনায় এ পর্যন্ত ৮টি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় কয়েকজন নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েক হাজার লোককে আসামি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮৪৪ ঘ.