চট্টগ্রাম, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য নূরুল ইসলাম বিএসসির সঙ্গে সভা করেছেন বিএনপি সমর্থক মেয়র এম মনজুর আলম।
চট্টগ্রামের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করেছেন তারা। শনিবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সিটি কর্পোরেশনের কয়েকজন ওয়ার্ড কাউন্সিলরও অংশ নেন।
সভায় মনজুর বলেন, "এ ধরনের মতবিনিময় সভা সিসিসি'র ইতিহাসে বিরল। এর আগে সংসদ সদস্য, মেয়র ও কাউন্সিলরদের মধ্যে এ ধরনের কোনো সভা হয়নি।"
এ বছরের মাঝামাঝিতে নূরুল ইসলাম বিএসসির দল আওয়ামী লীগের প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে মেয়র নির্বাচিত হন সাবেক কাউন্সিলর মনজুর।
চট্টগ্রাম আওয়ামী লীগে মহিউদ্দিন ও নূরুল ইসলামের মধ্যে বৈরী সম্পর্ক রয়েছে। মহিউদ্দিন সমর্থকদের দাবি, দলীয় নেতাদের অসহযোগিতাই তিন বারের মেয়র মহিউদ্দিনের এবারের পরাজয়ের কারণ।
সভায় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম ওয়ার্ড কাউন্সিলরদের উদ্দেশে বলেন, "নগরীতে এমন অনেক অবহেলিত এলাকা আছে, যা আপনারা অবগত আছেন। এসব এলাকার সমস্যা সমাধানে আমি সংসদে আপনাদের পক্ষে কথা বলবো।"
মেয়র মনজুর বলেন, "আমি এবং আমার সহকর্মী কাউন্সিলররা চট্টগ্রামের উন্নয়নে আপনার (সংসদ সদস্য) সঙ্গে এক ও অভিন্ন হয়ে কাজ করতে চাই। আমরা এ নগরীর উন্নয়নে দল ও মতের ঊর্ধ্বে উঠে যেখানে প্রয়োজন সেখানেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবো।"
বন্দর নগরীর উন্নয়নে ৩৪২ কোটি টাকার প্রকল্পের প্রস্তাব সরকারের কাছে দেওয়া হয়েছে জানিয়ে সে সব প্রকল্প একনেকে অনুমোদনের জন্য সংসদ সদস্য নূরুল ইসলামের সহযোগিতা চান মেয়র।
সভায় চট্টগ্রাম-৮ আসনের মধ্যকার ওয়ার্ড কাউন্সিলররা ছাড়াও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর-ই-এলাহী, সচিব মোহাম্মদ সামসুদ্দোহাসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/২১৫০ ঘ.
bdnews24