২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তারদের আইনি সহায়তায় কমিটি করবে বিএনপি

হরতালের আগে গ্রেপ্তার দলীয় নেতাকর্মীদের তালিকা তৈরি ও তাদের আইনি সহায়তা দিতে সারা দেশে কমিটি গঠন করতে বলেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 03:50 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের আগে গ্রেপ্তার দলীয় নেতাকর্মীদের তালিকা তৈরি ও তাদের আইনি সহায়তা দিতে সারা দেশে কমিটি গঠন করতে বলেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। জেলা পর্যায়ে কমিটি গঠনে শনিবার রাতে খালেদা জিয়া এ নির্দেশ দেন বলে জানিয়েছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, জেলা পর্যায়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃত্বে এই আইনি সহায়তা কমিটি গঠন করা হবে। তারা দলের গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের জামিনের বিষয়ে কাজ করবেন। আগামী ৩০ নভেম্বর হরতালকে কেন্দ্র করে সারাদেশে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ধরপাকড় শুরু করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে আগামী ৩০ নভেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। গত ২২ নভেম্বর এ হরতাল ডাকে বিএনপি। হরতালের আগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শনিবার পর্যন্ত তিনশর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করছে বিএনপি। বিভিন্ন স্থানে মিছিলে বাধা দেওয়ার অভিযোগও তুলেছে দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১৪৬ ঘ.