ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র ডাকা ৩০ নভেম্বরের হরতাল সমর্থনের বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে রোববার সিদ্ধান্ত জানাবে জামায়াতে ইসলামী।
শনিবার রাতে গুলশানের কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে আগামী ৩০ নভেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। গত ২২ নভেম্বর এ হরতাল ডাকে বিএনপি।
আজহারুল বলেন, "নেত্রীর সঙ্গে হরতালের বিষয়ে আলোচনা হয়েছে। সরকার আজ সবক্ষেত্রে ব্যর্থ। তাই নেত্রী হরতালের সমর্থন চেয়েছেন।"
রাত সাড়ে ৭টায় চারদলীয় ঐক্যজোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর নেরতাদের সঙ্গে বৈঠকে বসেন খালেদা। প্রায় পৌণে এক ঘণ্টা স্থায়ী বৈঠকে জামায়াতের দুই সদস্যের প্রতিনিধি দলে ছিলেন ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমেদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। বৈঠকে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
আজহার অভিযোগ করে,"এ সরকার গণতন্ত্র মানে না। তারা জামায়াতে ইসলামীকে রাজপথে কোনো সভা-সমাবেশ করতে দেয় না। এমনকি দলের কার্যালয়ের ভেতরে সভা করতে দিচ্ছে না। গোপন বৈঠকের অভিযোগ এনে নেতাদের ধরে নিয়ে যাচ্ছে, অফিস তল্লাশি করা হচ্ছে।"
এক প্রশ্নের জবাবে তিনি জানান, চার দলীয় ঐক্যজোট আছে এবং থাকবে।
চারদলীয় ঐক্যজোটের অন্য তিন শরিক ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি(বিজেপি) ও খেলাফত মজলিশের নেতাদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেন খালেদা। ওই বৈঠকের পর ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী সাংবাদিকদের বলেন, "আমরা ৩০ নভেম্বর বিএনপির ডাকা দেশবাপী সকাল-সন্ধ্যা হরতালে সমর্থন জানিয়েছি।"
শনিবার জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকের পর সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। এ বৈঠকে পেশাজীবী নেতাদের প্রকৌশলী আনহ আখতার হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শওকত মাহমুদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিএবি) মহাসচিব এজেডএম জাহিদ হোসেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি চাষী নজরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোস্তাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১০১ ঘ.
bdnews24