ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় ঐক্যজোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন খালেদা জিয়া। গুলশানের কার্যালয়ে রাত সাড়ে ৭টায় এই বৈঠক শুরু হয়েছে।
জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমেদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বৈঠকে উপস্থিত রয়েছেন।
দলের দপ্তর সম্পাদক রহুল কবির বিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামায়াতের সঙ্গে বৈঠকের পর খালেদা জিয়া পেশাজীবী নেতাদের সঙ্গেও বৈঠকে বসবেন।
আজহারুল ইসলাম বলেন, বিরোধী দলীয় নেতা ডেকেছেন- সেজন্য এসেছি।
চারদলীয় ঐক্যজোটের অন্য তিন শরিক ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি(বিজেপি) ও খেলাফত মজলিশের নেতাদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেন খালেদা। ওই বৈঠকের পর ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী সাংবাদিকদের বলেন, "আমরা ৩০ নভেম্বর বিএনপির ডাকা দেশবাপী সকাল-সন্ধ্যা হরতালে সমর্থন জানিয়েছি।"
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে আগামী ৩০ নভেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৩৪ ঘ.
bdnews24