সিলেট, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, জাতীয় পার্টিকে সঙ্গে রাখলে আপনারা উপকৃত হবেন।
তার দলের সহায়তায় আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে উল্লেখ করে শনিবার বিকালে সিলেটে এক সমাবেশে এ কথা বলেন এরশাদ।
জাতীয় পার্টিকে অবমূল্যায়ন ও ছোট করে না দেখতে মহাজোটের শরিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "মহাজোটকে ক্ষমতায় আনতে জাতীয় পার্টি বেশি ত্যাগ স্বীকার করেছে।"
সিলেট রেজিস্ট্রারি মাঠে জেলা জাতীয় পার্টির তৃণমুল প্রতিনিধি সম্মেলনে মহাজোটের উদ্দেশে এরশাদ বলেন, "জাতীয় পার্টিকে সঙ্গে রাখলে আপনারা উপকৃত হবেন। আগামিতেও ক্ষমতায় আসার পথ সৃষ্টি হবে।"
দেশ হরতাল ও সংঘাতের দিকে এগুচ্ছে- মন্তব্য করে সাবেক এই রাষ্ট্রপতি আরো বলেন, দ্রব্যমুল্য বেড়ে মানুষের ক্রয় ক্ষমতায় বাইরে চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে সরকার জনগণের আস্থা হারাবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যানের হাতে ক্ষমতা দেওয়ার অনুরোধ জানিয়ে এরশাদ বলেন, "নির্বাচিতদের হাতে ক্ষমতা ছেড়ে দিন। উপজেলা আদালত চালু করুন। এতে দেশের উন্নতি হবে।"
প্রশাসন ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালুর বিকল্প নেই বলেও মন্তব্য করেন এরশাদ।
মহাজোটে যোগ দেওয়ার পর জাতীয় পার্টি কাক্সিক্ষত অনেক কিছুই পায়নি অভিযোগ করে এরশাদ বলেন, "মহাজোটে গিয়ে কী পেলাম কী পেলাম না সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে মহাজোটকে ক্ষমতায় নিয়ে যেতে পেরেছি।"
সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন- সিলেটের জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, কানাইঘাট পৌর জাতীয় পার্টির সদস্য সচিব বাবুল আহমদ, সিলেট জেলা জাতীয় পার্টির সভানেত্রী নাহিদা আক্তার, মহানগর সভানেত্রী শিউলি আক্তার, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লালু, বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ছালেহ আহমদ।
সমাবেশে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির সভাপতিমণ্ডলির সদস্য কাজী জাফর আহমদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিন, সভাপতিমণ্ডলির সদস্য আতিকুর রহমান আতিক, সংসদ সদস্য নবাব আলী অব্বাস খান।
সম্মেলনে যোগ দেওয়ার আগে এরশাদ হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/পিডি/১৯২৯ ঘ.
bdnews24