চট্টগ্রাম, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩০ নভেম্বরের হরতালকে সামনে দলীয় নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ এনে মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, শনিবার ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নাছির দাবি করেন, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি, ছাত্রদল ও যুবদলের ওই নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়।
তবে বিএনপি'র মহানগর কমিটির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন জানান, শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৫-২৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
হরতালকে সামনে রেখে নগরীতে বিএনপি দলীয় কর্মীদের ধরপাকড় প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার মেজবাহ উদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোথাও কাউকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা হয়নি। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে তাদের গ্রেপ্তার এবং বাসায় অভিযান চালানো হচ্ছে।"
শুক্রবার রাত থেকে শনিবার বিকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে সুনির্দিষ্ট অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি জানান।
মীর নাছির সংবাদ সম্মেলনে বলেন, "নগরীর রেয়াজুদ্দিন বাজার, ডবলমুরিং, কাট্টলী, পাহাড়তলী, কাজীর দেউরী, এনায়েত বাজার, বাকলিয়া, মুরাদপুরসহ বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের বাসায় তল্লাশি ও গ্রেপ্তার করা হয়।"
ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্তমান সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং যুগ্ম সম্পাদক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীনের নির্দেশে পুলিশ এ হয়রানি করছে বলে দাবি করেন সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর নাছির।
তিনি বলেন, "শুক্রবার বিকালে হরতালের সমর্থনে আমার বাসায় এক কর্মী সভার পর থেকেই পুলিশ দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে।"
"হরতাল মানুষের গণতান্ত্রিক অধিকার," মন্তব্য মীর নাছির বলেন , "বিএনপি চট্টগ্রামে শান্তিপূর্ণ হরতাল করতে চায়। কিন্তু সরকার হয়রানির মধ্য দিয়ে দেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে চাচ্ছেন।"
নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরী আগ্রাবাদে সড়ক দখল করে সমাবেশ এবং আফসারুল আমীন সার্কিট হাউজে বসে বৈঠক করে হরতাল ঠেকানোর ধমক দিচ্ছেন বলে অভিযোগ করেন এ বিএনপি নেতা।
বিএনপি শাসনামলে আওয়ামী লীগ একশ ৩১ দিন হরতাল করলেও তাদের প্রতি অগণতান্ত্রিক কোনো আচরণ করা হয়নি বলে দাবি করেন সাবেক বিমান প্রতিমন্ত্রী।
মঙ্গলবারের হরতালে চট্টগ্রামে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়িত্ব সরকারকেই নিতে হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
সংবাদ সম্মেলনে মীর নাছির ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের অনুসারী বিএনপি নেতারা উপস্থিত থাকলেও মহানগর কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারীরা কেউ ছিলেন না।
মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তার, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহাবুবুর রহমান শামীম, মহানগর নেতা এমএ সবুর, সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামসুল আলম, যুবদল নেতা ইয়াছিন চৌধুরী লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৮০৮ ঘ.
bdnews24