২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে আরো হরতাল দিতে হবে: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, প্রয়োজনে আরো হরতাল দিয়ে সরকারবিরোধী আন্দোলনকে লক্ষ্যে নিয়ে যেতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 08:04 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, প্রয়োজনে আরো হরতাল দিয়ে সরকারবিরোধী আন্দোলনকে লক্ষ্যে নিয়ে যেতে হবে। শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। মওদুদ বলেন, "প্রতিহিংসা চরিতার্থ করতে সরকার নিজেরাই বিরোধী দলের সঙ্গে সমঝোতার সব পথ বন্ধ করে দিয়েছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই। প্রয়োজনে আরো হরতাল দিতে হবে। সরকার পতন না হওয়া পর্যন্ত ধাপে ধাপে কর্মসূচির মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।" স্বদেশ জাগরণ পরিষদের (স্বজাপ) উদ্যোগে "আইনের শাসন, মানবাধিকার, দ্রব্যমূল্য বৃদ্ধি ও প্রশাসনকে দলীয়করণ" শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারবিরোধী আন্দোলন সম্পর্কে মওদুদ বলেন, "আমাদের মনে রাখতে হবে যে, হরতাল ডাকলেই কালই সরকারের পতন হবে- এটা ভাবা ঠিক নয়। ধাপে ধাপে কর্মসূচির মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে।" ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ি থেকে খালেদা জিয়াকে বেআইনিভাবে উচ্ছেদ করা হয়েছে বলে দাবি করেন তিনি। সংসদে সংশোধন না করে আদালতের রায় অনুসারে সংবিধান পূণর্মুদ্রনের সমালোচনা করে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, "এভাবে সংবিধান পূণর্মুদ্রন অসাংবিধানিক ও দুরভিসন্ধিমূলক উদ্যোগ। সরকার নিজেরাই জাতীয় সংসদের সার্বভৌম অধিকারকে ছিনিয়ে নিয়েছে। আইন প্রণয়ন ও সংবিধার সংশোধন করা সংসদের সার্বভৌম অধিকার। অথচ সরকার সংসদের এই অধিকার খর্ব করে জাতীয় সংসদকে অচল করে দিয়েছে।" সাবেক মন্ত্রী জানান, পঞ্চম সংশোধনীর বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে যে, সংবিধান সংশোধন করতে হলে সংশোধনের যেসব পদ্ধতি রয়েছে তা অনুসরণ করে সংশোধন করতে হবে। ওই সময়ে সংসদ না থাকায় জিয়াউর রহমান মার্শাল প্রোক্লেমেশনের মাধ্যমে যেসব সংশোধনী এনেছেন- তা সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে যে, সংবিধান কোনো প্রোক্লেমেশনের মাধ্যমে নয়, সংবিধান সংশোধনীর মাধ্যমে করতে হবে। "কিন্তু সরকার আজ সেই রায় সংবিধানের প্রদত্ত পদ্ধতি অনুসরণ না করেই পূণর্মুদ্রন করছে", বলেন মওদুদ। এরকম পরিস্থিতিতে প্রধান বিরোধী দল বিএনপি সংসদে আর ফিরে যাবে না বলে জানান তিনি। দ্রব্যমূল্য পরিস্থিতির চিত্র তুলে ধরে মওদুদ অভিযোগ করে বলেন, "গত দুই বছরে দেশে গরীবের সংখ্যা বেড়েছে। বিভিন্ন অঞ্চলে নিরব দুর্ভিক্ষ চলছে। সরকার জনগনের কোনো প্রত্যাশাই পুরণ করতে পারে নি।" সারাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও তাদের হয়রানির কঠোর সমালোচনাও করেন সাবেক আইনমন্ত্রী। সংগঠনের চেয়ারম্যান কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সাবেক সাংসদ ফেরদাউস আক্তার ওয়াহিদা, কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য খোরশেদ আলম মিয়া, ওয়ার্ড কমিশনার নবী উল্লাহ নবী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিক শিকদার, কৃষক দলের শহীদুল ইসলাম ভূঁইয়া, উলামা দলের অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ কেএমএস/১৩৫৯ ঘ.