ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ হরতাল বন্ধে আইন করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, "দেশে এখন হরতালের নামে ভয়তাল হয়। ভয়ে মানুষ ঘর থেকে বের হয় না। এজন্য হরতাল বন্ধে জাতীয় সংসদে আইন করতে হবে।"
বৃহস্পতিবার পার্টির সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতির এক সম্মেলনে তিনি এ কথা বলেন।
রাজধানীর কাকরাইলে ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। সকাল ১১টায় সম্মেলন শুরু হয়।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, "আমি গণতন্ত্রের স্বার্থে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলাম। কিন্তু আমার সে আশা পূরণ হয়নি। গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি।"
দেশের প্রতিটি ঘরে এখনো শিক্ষার আলো পৌঁছায়নি উল্লেখ করে তিনি বলেন, সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে।
মহাজোট সরকারের অন্যতম শরিক দল হিসেবে জাতীয় পার্টি সরকারকে সহযোগিতা করতে চায়- এ কথা জানিয়ে তিনি বলেন, "মহাজোটে আছি এবং থাকবো। তবে জাতীয় পার্টিকে মূল্যায়ন করতে হবে।"
হরতাল বিরোধী আন্দোলনে জাতীয় পার্টি যোগ দেবে কি না- পার্টির মহাসচিবের এ প্রশ্নের জবাবে এরশাদ বলেন, "অপেক্ষা করুন। কী করতে হবে সময় হলে আমি নির্দেশ দেবো। আপনারা প্রস্তুত থাকুন।
"আমরা এখনো হারিয়ে যাইনি, টিকে আছি। ভবিষ্যতে এ পার্টিকে ক্ষমতায় আনতে দক্ষ কর্মী দরকার। তাই পার্টির সব স্তরে কমিটি গঠন করতে হবে।"
সম্মেলন শেষে যুব সংহতির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন তিনি।
লিয়াকত হোসেন খোকাকে সংগঠনের সভাপতি, আলমগীর শিকদার লোটনকে জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং আমিনুল ইসলাম ঝন্টুকে সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য মনোনীত করা হয়।
এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা পেশ করার নির্দেশ দেন এরশাদ।
যুব সংহতির ৭৩টি সংগঠনিক জেলা রয়েছে বলে সাধারণ সম্পাদক ঝন্টু জানান।
সম্মেলনে আরো বক্তব্য দেন পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য এম এ হান্নান, অধ্যাপক দেলোয়ার হোসেন, মোস্তফা জামাল হায়দার, যুগ্ম-মহাসচিব অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, যুব সংহতির নবনির্বাচিত সভাপতি লিয়াকত হোসেন খোকা, আমিনুল ইসলাম ঝন্টু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/এইচএ/১৭৩২ ঘ.
bdnews24