২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের সমর্থনে বিএনপির কর্মসূচি শুরু

৩০ নভেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ঘোষিত পাঁচ দিনের টানা কর্মসূচি বৃহস্পতিবার পালন শুরু করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 06:58 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩০ নভেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ঘোষিত পাঁচ দিনের টানা কর্মসূচি বৃহস্পতিবার পালন শুরু করেছে প্রধান বিরোধী দল বিএনপি। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার জেলা-উপজেলায় সমাবেশ-মিছিল করছে তারা; চলবে শনিবার (২৭ নভেম্বর) পর্যন্ত। হরতালের সমর্থন ২৮ নভেম্বর ঢাকাসহ বিভাগীয় শহরে সমাবেশ-মিছিল এবং ২৯ নভেম্বর সারাদেশে মিছিল করবে বিএনপি। দলের দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ থেকে তিনদিন জেলা-উপজেলা পর্যায়ে সমাবেশ-মিছিল হবে। প্রত্যেক জেলা ও উপজেলা কমিটিকে এ ব্যাপারে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে।" তিনি জানান, শান্তিপূর্ণ এই কর্মসূচি জেলা কমিটি তাদের নিজ নিজ জেলায় করার সব আয়োজন সম্পন্ন করেছে। গত সোমবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় দেশের স্বার্থ রক্ষা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতিসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে ৩০ নভেম্বর সকাল-সন্ধ্যা হরতালসহ ছয় দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে বিএনপি প্রথম হরতাল ডাকে গত ২৭ জুন। এরপর ১৩ নভেম্বর দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ি থেকে 'উচ্ছেদের' প্রতিবাদে পরদিন ১৪ নভেম্বর হরতাল পালন করে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১২৫৬ ঘ.